বিমা সুরক্ষা বাড়াতে গ্রামীণফোন–মেটলাইফ বাংলাদেশের চুক্তি
দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে চুক্তিবদ্ধ হলো টেলিকম অপারেটর গ্রামীণফোন এবং জীবন বিমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশ। এই অংশীদারিত্বের মাধ্যমে দেশে আরও বেশি মানুষের কাছে বিমা সুরক্ষা পৌঁছে দিতে সম্ভাব্য উদ্যোগ ও সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে কাজ করবে দুই প্রতিষ্ঠান।
১৪ মার্চ, শনিবার সম্প্রতি সম্পাদিত সহযোগিতা চুক্তি সই করার বিষয় জানিয়ে বলা হয়, চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান এবং মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইয়াসির আজমান বলেন, ডিজিটাল কানেক্টিভিটি মানুষের প্রয়োজনীয় সেবা সহজলভ্য করে জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মেটলাইফ বাংলাদেশের সঙ্গে এই উদ্যোগের মাধ্যমে প্রযুক্তি ও সহযোগিতার মাধ্যমে কীভাবে বিমা সুরক্ষার ঘাটতি কমানো যায় তা নিয়ে কাজ করার সুযোগ তৈরি হবে।
মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ বলেন, জীবনের অনিশ্চয়তা মোকাবিলায় ব্যক্তি ও পরিবারের জন্য বিমা গুরুত্বপূর্ণ। গ্রামীণফোনের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক কার্যক্রমের মাধ্যমে মানুষের মধ্যে বিমা সচেতনতা বাড়ানো এবং আরও বেশি মানুষকে আর্থিক সুরক্ষার আওতায় আনার লক্ষ্য রয়েছে।
গ্রামীণফোনের বিস্তৃত ডিজিটাল পরিসর এবং মেটলাইফ বাংলাদেশের বিমা অভিজ্ঞতার সমন্বয়ে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আর্থিক সুরক্ষা–সম্পর্কিত সেবা মানুষের কাছে আরও সহজে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।
ডিবিটেক/এমএম/ইকে







