এআই যুগে টেন এক্স মাইন্ডসেট ও দক্ষতা উন্নয়ন

ঢাবি আইআইটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত

  • এআই বিপ্লবের যুগে তথ্য মুখস্থ করার চেয়ে গভীর সমস্যা সমাধান ও সঠিক প্রশ্ন করার সক্ষমতা বৃদ্ধি জরুরি
  • ঢাকা বিশ্ববিদ্যালয় আইআইটিতে ১০ গুণ অর্থনৈতিক রূপান্তর ও মানবসম্পদ উন্নয়নের ৪টি মূল নীতি আলোচনা
  • এআই প্রযুক্তি গ্রহণ ও পরিবর্তনশীল কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জনে তরুণ শিক্ষার্থীদের প্রস্তুতি গ্রহণের তাগিদ

ঢাবি আইআইটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত
২৭ আগষ্ট, ২০২৬ ১৪:১০  

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর দ্রুত বিকাশমান যুগে কেবল তথ্য জানার চেয়ে সঠিক সমস্যা চিহ্নিতকরণ, বিশ্লেষণ ও সৃজনশীল সমাধানের দক্ষতাই মূল চালিকাশক্তি হয়ে উঠছে। এ প্রেক্ষাপটকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)-তে অনুষ্ঠিত হয়েছে “টেন এক্স মাইন্ড ইন দ্য এজ অব এআই: আর ইউ রেডি?” শীর্ষক এক বিশেষ সেমিনার। মিলিয়নএক্স বাংলাদেশ এবং আইআইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স’ কমিউনিটি (আইআইটিএসইসি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সেমিনারে মিলিয়নএক্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য ও ডেটাসফট লিমিটেডের প্রেসিডেন্ট এম. মঞ্জুর মাহমুদ শিল্প ও কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার বহুমুখী প্রভাব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, এআই প্রভাবে প্রচলিত কর্মকাঠামো দ্রুত পরিবর্তিত হচ্ছে। ফলে তরুণদের শুধু এআই টুলস ব্যবহার শিখলেই চলবে না, বরং পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মতো মানসিক ও প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তুলতে হবে।

মিলিয়নএক্স বাংলাদেশের আরেক প্রতিষ্ঠাতা সদস্য ও ইভিআরকুল ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা আনিস রহমান “টেন এক্স মাইন্ড”-এর ভিত্তি ও ৪টি মৌলিক নীতি ব্যাখ্যা করেন। তিনি জানান, এআই স্বয়ংক্রিয়ভাবে উত্তর দিতে সক্ষম হলেও মানুষকে সঠিক ও গঠনমূলক প্রশ্ন করার যোগ্যতা অর্জন করতে হবে। একটি ১০ গুণ শক্তিশালী জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে উদ্ভাবন, প্রযুক্তিগত দক্ষতা এবং চিন্তার কাঠামোগত রূপান্তর অপরিহার্য।

সেমিনারে স্টুডেন্ট অ্যাডভাইজার অধ্যাপক ড. জেরিনা বেগম এবং সহযোগী অধ্যাপক ড. মো. নুরুল আহাদ তাওহিদ উপস্থিত ছিলেন। শেষ পর্বে এআই, ভবিষ্যৎ কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন নিয়ে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। আইআইটিসেক-এর ভাইস প্রেসিডেন্ট মৃন্ময় পৈত সেশনটিকে অত্যন্ত প্রাণবন্ত ও অনুপ্রেরণাদায়ী অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন। পুরো আয়োজনে জটিল সমস্যা সমাধান ও সমালোচনামূলক চিন্তার মাধ্যমে এআই প্রযুক্তির যুগে এগিয়ে থাকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

২৭ আগষ্ট, বৃহস্পতিবার বিডিওেএসএন এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ইভেন্টের কথা জানানো হয়। সূত্রটি বলছে, ২৪ আগস্ট,সোমবার বিকেল ৪টায় সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।
//ডিবিটেক/ পিআর/ইমএমএস//