শিক্ষার্থী-শিক্ষকের এআই দক্ষতা, প্রম্পট ইঞ্জিনিয়ারিং ও উদ্ভাবনী প্রকল্পে জোর দিল সিআইইউ
সিআইইউতে ‘এআই নেভিগেটর ২০২৬’, দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ
- শিক্ষার্থীদের এআইভিত্তিক প্রকল্প প্রদর্শন ও সনদ বিতরণ
- শিক্ষকদের জন্য ‘এআই কনফিডেন্ট’ কর্মসূচির উদ্বোধন
- এআই লিটারেসি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং ও ভবিষ্যৎ কর্মক্ষেত্র নিয়ে কর্মশালা
উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক জ্ঞান, ব্যবহারিক দক্ষতা এবং উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত হয়েছে ‘এআই নেভিগেটর ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার (সিআইইউএআইসি) এবং ‘সেন্ড আ লিটল হোপ’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী ও শিক্ষকদের এআই প্রযুক্তির বাস্তবমুখী ব্যবহারে দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে শিক্ষার্থীদের সনদ বিতরণ, তাদের উদ্ভাবনী এআইভিত্তিক প্রকল্প প্রদর্শন এবং শিক্ষকদের জন্য ‘এআই কনফিডেন্ট’ নামে নতুন একটি ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট কর্মসূচির উদ্বোধন করা হয়।
আয়োজনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে ইন্টারঅ্যাকটিভ লার্নিং সেশন, হাতে-কলমে এআই কর্মশালা এবং ‘ন্যাভিগেটিং দ্য এআই ফিউচার’ শীর্ষক বিশেষ জ্ঞানবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। এতে এআই লিটারেসি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, আধুনিক এআই টুলের ব্যবহার, বাস্তব জীবনে এআইয়ের প্রয়োগ এবং ভবিষ্যতের এআইনির্ভর কর্মক্ষেত্রের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচকরা শিক্ষা, গবেষণা, মূল্যায়ন ও উদ্ভাবনে এআইয়ের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে শিক্ষার্থী ও শিক্ষকদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যতের এআইনির্ভর বিশ্বে দক্ষ ও প্রতিযোগিতামূলক মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন সিআইইউ এআই সেন্টারের পরিচালক এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. সাজ্জাতুল ইসলাম।
এ সময় ‘এআই ফর অল’ ও ‘সেন্ড আ লিটল হোপ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার মুজাহিদুল ইসলাম, ‘এআই ফর অল’-এর প্রোগ্রাম ডিরেক্টর এবং স্ন্যাপ-অন-এর সিনিয়র ইঞ্জিনিয়ার আসিফ আমিন, ‘এআই ফর অল’-এর উপদেষ্টা এবং মার্কেটিং বি-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক আলিফ মেহরাবসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ সংবাদ/ সম্পাদনা//





