এনডিএফের বিবৃতিতে নতুন পদ সৃষ্টি ও বায়োমেডিকেল যন্ত্রপাতি চালুর তাগিদ

মেডিকেল টেকনোলজিস্টদের দশম গ্রেড ও ২৪ ঘণ্টা সেবার দাবি

  • মেডিকেল টেকনোলজিস্টদের ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ এবং ২৪ ঘণ্টা ডায়াগনস্টিক সেবার দাবি
  • প্রায় ৫০ হাজার প্রশিক্ষিত জনবলের বিপরীতে সরকারি চাকরিতে কর্মরত মাত্র ৮ হাজার টেকনোলজিস্ট
  • বায়োমেডিকেল যন্ত্রপাতির সচলতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিতের মাধ্যমে স্বাস্থ্যসেবা আধুনিকায়নের আহ্বান

মেডিকেল টেকনোলজিস্টদের দশম গ্রেড ও ২৪ ঘণ্টা সেবার দাবি
২৭ আগষ্ট, ২০২৬ ২১:৫৯  

মেডিকেল টেকনোলজিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা, জরুরি ভিত্তিতে নতুন কারিগরি পদ সৃষ্টি ও নিয়োগ প্রদান এবং সরকারি রোগ নির্ণয় বিভাগগুলোতে ২৪ ঘণ্টা পরীক্ষা-নিরীক্ষা সেবা চালুর জোর দাবি জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। ২৭ আগস্ট, ২০২৬ বৃহস্পতিবার রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্টদের সংগঠনের সপ্তম সম্মেলন উপলক্ষে দেওয়া এক বিশেষ বিবৃতিতে এ দাবি জানান এনডিএফের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।

বিবৃতিতে বলা হয়, আধুনিক চিকিৎসাবিজ্ঞানে রোগ নির্ণয় ও স্বাস্থ্যপ্রযুক্তি ব্যবস্থার প্রধান কারিগরি চালিকাশক্তি হিসেবে কাজ করছেন মেডিকেল টেকনোলজিস্টরা। বর্তমানে দেশে প্রায় অর্ধলক্ষ মেডিকেল টেকনোলজিস্ট উচ্চতর প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করলেও সরকারি স্বাস্থ্যসেবা অবকাঠামোতে কর্মরত আছেন মাত্র প্রায় আট হাজার। ফলে একদিকে এই খাতে উচ্চপ্রশিক্ষিত দক্ষ জনবলের মাঝে বেকারত্ব বাড়ছে, অন্যদিকে সরকারি হাসপাতালগুলোতে স্বল্প খরচে আধুনিক ল্যাবরেটরি ও ইমেজিং সেবা প্রদানের সার্বিক সক্ষমতা ব্যাহত হচ্ছে।

এনডিএফ উল্লেখ করেছে, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের রাজস্ব আয় বৃদ্ধি করতে বায়োমেডিকেল প্রযুক্তিতে দক্ষ কারিগরি জনবল নিয়োগ দেওয়া অপরিহার্য। বিশেষ করে জরুরি স্বাস্থ্যসেবা ও রোগ নির্ণয় বিভাগের সেবা বিরতিহীনভাবে ২৪ ঘণ্টা চালু রাখতে অবিলম্বে প্রয়োজনীয় কারিগরি পদ সৃষ্টি করতে হবে।

বিবৃতিতে আরও জানানো হয়, দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া স্থবির থাকায় বহু পদ শূন্য হয়ে পড়েছে এবং দক্ষ অপারেটরের অভাবে বিভিন্ন হাসপাতালে উন্নত বায়োমেডিকেল যন্ত্রপাতি সচল রাখা সম্ভব হচ্ছে না। ফলে রোগ নির্ণয় সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এসব সংকট দূরীকরণে অন্যান্য ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায় মেডিকেল টেকনোলজিস্টদেরও ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করা, সুস্পষ্ট ক্যারিয়ার পরিকল্পনা প্রণয়ন এবং উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে স্বাস্থ্যব্যবস্থার কার্যকর উন্নয়নে মেডিকেল টেকনোলজিস্টদের আরও প্রযুক্তিগত দক্ষতা, পেশাগত নৈতিকতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
//ডিবিটেক/ ডিএমও/ এসএমই//