কনটেন্ট ক্রিয়েটর ও তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
দেশজুড়ে তিন মাসব্যাপী ডিজিটাল ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন শুরু
- এডিস মশার প্রজনন রোধ ও ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে তিন মাসব্যাপী বিশেষ ‘ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন’ শুরু।
- প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধিতে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান।
- সৃজনশীল কনটেন্ট, রিলস ও ইনফোগ্রাফিকের মাধ্যমে ডেঙ্গুর লক্ষণ ও জমা পানি পরিষ্কারের তথ্য ছড়িয়ে দেওয়ার নির্দেশ।
এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ প্রতিরোধে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ ‘ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন’ শুরু হয়েছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত এই ইভেন্টে সাধারণ নাগরিকের পাশাপাশি তরুণ সমাজ ও কনটেন্ট ক্রিয়েটরদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
সোমবার (২১ সেপ্টেম্বর) প্রদত্ত এক বার্তায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, কেবল প্রশাসনিক উদ্যোগ কিংবা কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু শতভাগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়; এর জন্য প্রতিটি মানুষের ব্যক্তিগত এবং সামাজিক সচেতনতা সমান জরুরি। আন্তর্জাতিক জনস্বাস্থ্যবিদ ড. মুহিত উল্লেখ করেন যে, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিশাল প্রভাবকে কাজে লাগিয়ে সময়োপযোগী তথ্য প্রচারের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিশেষ করে তরুণ সমাজ, কনটেন্ট ক্রিয়েটর এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সচেতনতামূলক ভিডিও, রিলস, স্টোরি ও পোস্ট তৈরির মাধ্যমে এই জাতীয় উদ্যোগে যুক্ত হওয়ার নির্দেশ দেন। ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আহ্বানে সাড়া দিয়ে বহু কনটেন্ট ক্রিয়েটর এই প্রচারণায় যুক্ত হয়েছেন।
আগামী তিন মাসজুড়ে এই বিশেষ ডিজিটাল ক্যাম্পেইনের অধীনে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পাত্রে জমে থাকা পানি পরিষ্কার করা, ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ চেনা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেওয়ার জরুরি বার্তাগুলো ভার্চুয়াল পরিসরে ছড়িয়ে দেওয়া হবে। নাগরিকদের নিজ নিজ বসতবাড়ি ও কর্মক্ষেত্র পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানানো হয়েছে। //ডিবিটেক/বিটিএন/এসএমই/এমআইএসটি//





