মায়ের ফোনে কোডিং শিখে অ্যাপ তৈরি করল ১১ বছরের দুই ভাই

বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার শরীয়তপুরের দুই যমজ

  • ইউটিউব ও অনলাইন রিসোর্স দেখে মায়ের ফোনে কোডিং শিখে ৩টি অ্যাপ তৈরি
  • বিডিঅ্যাপসের পক্ষ থেকে দুই ভাইকে নতুন ল্যাপটপ, স্কলারশিপ ও এআই প্রশিক্ষণ প্রদান
  • ভবিষ্যতে সফটওয়্যার প্রকৌশলী হয়ে এআই চালিত উন্নত রোবট তৈরির স্বপ্ন ক্ষুদে প্রতিভাদের

বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার শরীয়তপুরের দুই যমজ
২৫ আগষ্ট, ২০২৬ ১০:৩৬  

 প্রযুক্তির প্রতি অদম্য আগ্রহ ও শেখার প্রবল ইচ্ছায় কোনো প্রাতিষ্ঠানিক সুযোগ ছাড়াই অ্যাপ স্টোর 'বিডিঅ্যাপস'-এর সর্বকনিষ্ঠ ডেভেলপার হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে শরীয়তপুরের ১১ বছর বয়সী যমজ ভাই তানভীর হাসান ও তাফসীর হাসান। 

ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এই দুই ভাই নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ না থাকায় গত তিন বছর ধরে ইউটিউব এবং ইন্টারনেটের উন্মুক্ত রিসোর্স ব্যবহার করে মায়ের স্মার্টফোনে কোডিং অনুশীলন চালিয়ে গেছে। ইতোমধ্যে তারা সফলভাবে ৩টি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে। গণমাধ্যমে তাদের মেধার খবর প্রকাশের পর গত ১৩ আগস্ট, বৃহস্পতিবার রবি আজিয়াটার কর্পোরেট কার্যালয়ে তাদের আমন্ত্রণ জানানো হয়। সেখানে তাদের উদ্ভাবনী দক্ষতা ও কোডিং অভিজ্ঞতা পর্যালোচনা করে বিডিঅ্যাপস কর্তৃপক্ষ তাদের প্ল্যাটফর্মটির সর্বকনিষ্ঠ ডেভেলপার হিসেবে তালিকাভুক্ত করে।

পরবর্তীতে গত ১৯ আগস্ট, বুধবার বিডিঅ্যাপসের একটি প্রযুক্তি ও প্রকৌশল প্রতিনিধি দল শরীয়তপুরে তাদের বাড়িতে গিয়ে বিশেষ পরামর্শ ও প্রশিক্ষণ সেশনের আয়োজন করে। বিডিঅ্যাপসের প্রকৌশলীরা তাদের আধুনিক কোডিং চর্চা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং এআই-চালিত অ্যাপ তৈরির কারিগরি দিকনির্দেশনা প্রদান করেন। তাদের প্রযুক্তি চর্চা সহজতর করতে বিডিঅ্যাপসের পক্ষ থেকে একটি নতুন ল্যাপটপ এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের জন্য 'ফুল অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স'-এর সম্পূর্ণ স্কলারশিপ দেওয়া হয়েছে।

মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত তানভীর ও তাফসীর ভবিষ্যতে সফটওয়্যার প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছে। তারা মাইক্রোসফট বা নাসার মতো বৈশ্বিক প্রতিষ্ঠানে কাজের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত আধুনিক রোবট তৈরির লক্ষ্য ব্যক্ত করেছে। রবি আজিয়াটার হেড অব মার্কেটিং মোহাম্মদ শওকত কাদের চৌধুরী জানান, সঠিক দিকনির্দেশনা পেলে এই তরুণ প্রতিভারা এআই ও ভবিষ্যৎ প্রযুক্তিতে দেশকে নেতৃত্ব দেবে। দেশের অন্যতম বৃহৎ ডেভেলপার প্ল্যাটফর্ম বিডিঅ্যাপসে বর্তমানে এক লাখেরও বেশি ডেভেলপার এবং সমপরিমাণ অ্যাপ যুক্ত রয়েছে।
//ডিবিটেক/এনএপি/জেডএইচপি/এমআইএস//