৩৬৮ কোটি ডলারে মেইলচিম্প কিনল বেন্ডিং স্পুনস, লোকসানে ইনটুইট

৩৬৮ কোটি ডলারে মেইলচিম্প কিনল বেন্ডিং স্পুনস, লোকসানে ইনটুইট
২২ নভেম্বর, ২০২৬ ২০:১৪  

জনপ্রিয় ইমেইল মার্কেটিং প্ল্যাটফর্ম ‘মেইলচিম্প’ ৩৬৮ কোটি মার্কিন ডলারে কিনে নিয়েছে ইতালীয় প্রযুক্তি প্রতিষ্ঠান বেন্ডিং স্পুনস। শুক্রবার (২০ নভেম্বর) কর ও আর্থিক সফটওয়্যার নির্মাতা জায়ান্ট ইনটুইটের কাছ থেকে প্রতিষ্ঠানটি অধিগ্রহণের এই ঘোষণা দেওয়া হয়। 

২০২১ সালে প্রায় ১ হাজার ২০০ কোটি (১২ বিলিয়ন) ডলারে মেইলচিম্প কিনেছিল ইনটুইট; সেই হিসেবে পাঁচ বছরের ব্যবধানে প্রায় ৭০ শতাংশ কম দামে বা বড় লোকসানে প্রতিষ্ঠানটি বিক্রি করতে বাধ্য হলো তারা।

এআইয়ের ধাক্কা ও ইনটুইটের কৌশল পরিবর্তন
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত প্রসারের ফলে প্রথাগত ‘সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস’ ব্যবসাগুলো বর্তমানে তীব্র চাপের মুখে পড়েছে। এর প্রভাব পড়েছে ইনটুইটের ওপরও; গত এক বছরে প্রতিষ্ঠানটির শেয়ারদর অর্ধেকেরও নিচে নেমে এসেছে। 

বার্তা সংস্থা রয়টার্সকে ইনটুইট জানিয়েছে, মেইলচিম্প বিক্রির এই অর্থ তারা নিজেদের শেয়ার পুনঃক্রয়ে (শেয়ার বাইব্যাক) ব্যবহার করবে এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নিজস্ব এআই টুল উন্নয়নের দিকে আরও বেশি মনোযোগ দেবে।

চুক্তির শর্ত অনুযায়ী, বেন্ডিং স্পুনস এটিকে শতভাগ নগদ অর্থের চুক্তি হিসেবে উল্লেখ করলেও প্রকৃতপক্ষে এর ৯০ শতাংশ নগদ অর্থে এবং বাকি ১০ শতাংশ শেয়ারে নিষ্পত্তি হবে। একই প্যাকেজের অংশ হিসেবে ইনটুইট ৩৬ কোটি ৮০ লাখ ডলার মূল্যের বেন্ডিং স্পুনসের নতুন ইস্যু করা শেয়ার কিনবে।

উল্লেখ্য, ২০২১ সালে ইনটুইট যখন ১ হাজার ২০০ কোটি ডলারে মেইলচিম্প অধিগ্রহণ করেছিল, তখন কর্মীদের কোনো শেয়ার বা ইকুইটি না দেওয়ায় তা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। মেইলচিম্পের প্রতিষ্ঠাতারা সে সময় কর্মীদের আশ্বস্ত করেছিলেন যে প্রতিষ্ঠানটি কখনো বিক্রি করা হবে না, তাই শেয়ারের প্রয়োজন নেই।

পুরোনো প্রযুক্তি ব্র্যান্ডের সংগ্রাহক বেন্ডিং স্পুনস
সাম্প্রতিক সময়ে আর্থিক চাপে থাকা বা পরিণত পর্যায়ের জনপ্রিয় ইন্টারনেট ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কিনে নেওয়ার ক্ষেত্রে বেশ সক্রিয় হয়ে উঠেছে বেন্ডিং স্পুনস। কেবল গত এক বছরেই প্রতিষ্ঠানটি এওএল, ইভেন্টব্রাইট, এয়ারটেবল এবং মিরোর মতো পরিচিত ব্র্যান্ডগুলো অধিগ্রহণ করেছে। এর আগে এভারনোট, মিটআপ এবং ভিমিও’র মতো প্রতিষ্ঠানও কিনে নেয় তারা।

অধিগ্রহণের পর বেন্ডিং স্পুনস সাধারণত প্রতিষ্ঠানগুলোকে নিজেদের কেন্দ্রীয় প্রকৌশল ও রাজস্ব কাঠামোর অধীনে নিয়ে আসে, যা পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে। 

গত জুলাইয়ে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চকে দেওয়া এক সাক্ষাৎকারে বেন্ডিং স্পুনসের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পণ্য কর্মকর্তা মাত্তেও দানিয়েলি বলেছিলেন, তারা নিজেদের এমন একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, যারা মানুষের ভালোবাসার ব্র্যান্ডগুলোকে অধিগ্রহণ করে সেগুলোকে আরও উন্নত ও কার্যকর করে তোলে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: টেকক্রাঞ্চ