কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে উদ্যোগ

মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ঢেলে সাজানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর

  • চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা ও ৯টি পলিটেকনিক আধুনিকায়নের পরিকল্পনা
  • বিদেশগামী কর্মীদের কারিগরি ও ভোকেশনাল প্রশিক্ষণে গুরুত্বারোপ
  • সারাদেশের জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে নতুন প্রকল্প গ্রহণের উদ্যোগ

মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ঢেলে সাজানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর
২০ নভেম্বর, ২০২৬ ১৮:০৫  

আধুনিক কারিগরি ও ভোকেশনাল শিক্ষার প্রসারে ভবিষ্যতে মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

২০ নভেম্বর, শুক্রবার মুন্সিগঞ্জের গজারিয়ায় ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা’য় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং এজন্য বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৯টি পলিটেকনিক ইনস্টিটিউটকে চীনের আদলে আধুনিক করে গড়ে তোলা হবে এবং ভবিষ্যতে মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটকেও ঢেলে সাজানো হবে।

বিদেশে কর্মরত বিশাল জনগোষ্ঠীর আয় বাড়াতে বিদেশযাত্রার আগে টেকনিক্যাল ও ভোকেশনাল প্রশিক্ষণ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী। এ লক্ষ্যে বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

পাশাপাশি সারাদেশে কোনো জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয় যেন না থাকে, সেজন্য নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলে জানান মন্ত্রী।

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজা, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ উল্লাহ এবং গজারিয়ার উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়া।

//ডিবিটেক/এপিই/ডিআরই/এফওইডি//