৫০ কিলোওয়াট ক্ষমতার পরিবেশবান্ধব সৌর ব্যবস্থায় বাৎসরিক কার্বন নির্গমন হ্রাস

বাংলালিংকের কুমিল্লা ডেটা সেন্টারে রুফটপ সৌরবিদ্যুৎ

  • কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতার রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন
  • বছরে প্রায় ৮৫ হাজার কিলোওয়াট-ঘণ্টা সবুজ বিদ্যুৎ উৎপাদন ও ৫২ টন কার্বন নির্গমন হ্রাস
  • ডেটা সেন্টারের জ্বালানি ব্যয় বাবদ বছরে সাশ্রয় হবে আনুমানিক ১২ লাখ টাকা

বাংলালিংকের কুমিল্লা ডেটা সেন্টারে রুফটপ সৌরবিদ্যুৎ
২৫ আগষ্ট, ২০২৬ ১০:২৯  

পরিবেশবান্ধব ও টেকসই ডিজিটাল প্রকৌশল অবকাঠামো গড়ে তোলার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক।

২৫ আগস্ট, মঙ্গলবার জানা যায়. ডেটা সেন্টারের অব্যবহৃত ২,৫০০ বর্গফুট ছাদজুড়ে এই আধুনিক ফটোভোলটাইক সৌর কাঠামোটি স্থাপন করা হয়েছে। এই নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবস্থা থেকে বছরে প্রায় ৮৫,০০০ কিলোওয়াট-ঘণ্টা পরিবেশবান্ধব সবুজ জ্বালানি উৎপাদিত হবে বলে প্রাক্কলন করা হয়েছে। দিনের বেলায় কার্যকর সোলার ইরেডিয়েশন সময়ে এই সৌর ব্যবস্থাটি গ্রিডের প্রায় ৬ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করবে। এর ফলে প্রতি বছর প্রায় ৫২ টন পর্যন্ত কার্বন নির্গমন হ্রাস পাওয়ার পাশাপাশি বিদ্যুৎ খরচ বাবদ প্রতিষ্ঠানটির বছরে প্রায় ১২ লাখ টাকা সাশ্রয় হবে।

এই প্রযুক্তিগত সংযোজন বাংলালিংকের পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি) লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি নিরবচ্ছিন্ন ব্যাকআপ শক্তি নিশ্চিত করে লোডশেডিং কিংবা জরুরি পরিস্থিতিতে ডেটা সেন্টারের সার্ভার ও নেটওয়ার্ক কার্যক্রম সচল রাখতে সহায়তা করবে। এর আগে প্রথম মোবাইল নেটওয়ার্ক অপারেটর হিসেবে বাংলালিংক তাদের গাজীপুর ডেটা সেন্টারে ৮০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা সফলভাবে চালু করেছিল।

এ বিষয়ে বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার (সিটিআইও) হুসেইন তুর্কার বলেন, "টেকসই ও স্থিতিশীল ডিজিটাল অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে এই প্রকৌশল উদ্যোগ একটি বড় অগ্রগতি। সরাসরি ডেটা সেন্টারের অপারেশনে সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ হ্রাসের পাশাপাশি বিদ্যুৎ ব্যয় কমানো সম্ভব হচ্ছে। এটি আমাদের নেটওয়ার্ক অবকাঠামোকে দীর্ঘমেয়াদে আরও নির্ভরযোগ্য করে তুলছে। আমাদের কাছে টেকসই পরিবেশ ব্যবস্থাপনা শুধুমাত্র একটি প্রতিশ্রুতি নয়, বরং প্রযুক্তিগত ব্যবসায়িক কাঠামোর অন্যতম প্রধান ভিত্তি।"
//ডিবিটেক/এমআরপি/এসএমই//