ডিজিটাল রাষ্ট্র গঠনে এস্তোনিয়ার সহযোগিতা

ওয়ান সিটিজেন ওয়ান আইডিতে এস্তোনিয়ার সহায়তা

  • ডিজিটাল পাবলিক অবকাঠামো উন্নয়নে এস্তোনিয়ার অভিজ্ঞতা কাজে লাগাবে বাংলাদেশ
  • ওয়ান সিটিজেন ওয়ান আইডি বাস্তবায়নে বিশেষজ্ঞ সহায়তা চেয়েছে সরকার
  • জাতীয় ডেটা গভর্ন্যান্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে

ওয়ান সিটিজেন ওয়ান আইডিতে এস্তোনিয়ার সহায়তা
১৮ নভেম্বর, ২০২৬ ১৩:০৩  

একজন নাগরিকের জন্য একটি সমন্বিত ডিজিটাল পরিচয় এবং সরকারি সেবাগুলোর মধ্যে নিরাপদ তথ্য বিনিময় নিশ্চিত করতে এস্তোনিয়ার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে ডিজিটাল পাবলিক অবকাঠামো (ডিপিআই), ওয়ান সিটিজেন ওয়ান আইডি এবং জাতীয় আন্তঃপরিচালনযোগ্যতা কাঠামো বাস্তবায়নে দেশটির কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা চেয়েছে সরকার। এস্তোনিয়ার সঙ্গে সহযোগিতা জোরদার হলে নাগরিক পরিচয় ব্যবস্থাপনা, সরকারি সেবার ডিজিটাল সংযোগ এবং তথ্য ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

১৮ নভেম্বর, বুধবার ঢাকায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে এস্তোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসন। মন্ত্রীর আইসিটি বিভাগের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যে ডিজিটাল রূপান্তর, ডিজিটাল পাবলিক অবকাঠামো (ডিপিআই), ওয়ান সিটিজেন ওয়ান আইডি (One Citizen One ID), আন্তঃপরিচালনযোগ্যতা (Interoperability) এবং তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এক নাগরিকের জন্য একটি ডিজিটাল পরিচয়

সাক্ষাৎকালে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর জন্য সমন্বিত ডিজিটাল সেবা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। তবে সরকারের দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার, প্রযুক্তিগত সক্ষমতা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব।

তিনি জানান, ওয়ান সিটিজেন ওয়ান আইডি বাস্তবায়নে বাংলাদেশ সরকার অত্যন্ত আন্তরিক। যত দ্রুত সম্ভব এ উদ্যোগ কার্যকর করার লক্ষ্যে কাজ চলছে। এ ক্ষেত্রে এস্তোনিয়ার অভিজ্ঞতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্ত্রী আরও জানান, এস্তোনিয়া সফরে বাংলাদেশের কর্মকর্তারা দেশটির ডিজিটাল প্রশাসন, নাগরিক পরিচয় ব্যবস্থাপনা এবং সরকারি সেবার আন্তঃসংযোগ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স একাডেমি (e-Governance Academy) এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশে বাস্তবায়নাধীন প্রকল্পটি ডিজিটাল রূপান্তরের ভিত্তি শক্তিশালী করতে সহায়ক হবে।

এ উদ্যোগ বাস্তবায়নে এস্তোনিয়ার অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ সহায়তা অব্যাহত রাখার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান মন্ত্রী।

ডিজিটাল গভর্ন্যান্সে অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহী এস্তোনিয়া

এস্তোনিয়ার রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসন জানান, বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যে চলমান ডিজিটাল সহযোগিতা অত্যন্ত সম্ভাবনাময়। ডিজিটাল গভর্ন্যান্স ও ই-গভর্ন্যান্সের ক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ে আগ্রহী এস্তোনিয়া।

তিনি আশা প্রকাশ করেন, চলমান প্রকল্পের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে এস্তোনিয়ার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বাজারে কাজ করার সুযোগ পাবে।

রাষ্ট্রদূত আরও জানান, এস্তোনিয়ার ডিজিটাল সেবা ও আন্তঃপরিচালনযোগ্যতা কাঠামো (Interoperability Framework) গড়ে তোলার ক্ষেত্রে সরকারের নেতৃত্বের পাশাপাশি বেসরকারি খাতও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নেও সরকারি-বেসরকারি অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মত দেন।

ডেটা গভর্ন্যান্স ও আইনি কাঠামো

সাক্ষাতে আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা জানান, ওয়ান সিটিজেন ওয়ান আইডি এবং জাতীয় আন্তঃপরিচালনযোগ্যতা কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটি গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে।

তিনি আরও জানান, জাতীয় ডেটা গভর্ন্যান্স আইন, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন এবং সাইবার নিরাপত্তা আইন এ উদ্যোগ বাস্তবায়নের প্রয়োজনীয় আইনি ভিত্তি তৈরি করেছে।

জাতীয় ডেটা গভর্ন্যান্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগও প্রক্রিয়াধীন রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এ কর্তৃপক্ষ গঠিত হলে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং তথ্য ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের শতভাগ রাজনৈতিক অঙ্গীকার রয়েছে বলেও জানান সচিব।

প্রযুক্তি সহযোগিতার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ

সাক্ষাতে ডিজিটাল সহযোগিতার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় শিল্প খাতে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

এর মধ্যে রয়েছে তৈরি পোশাক, ওষুধ, জাহাজ নির্মাণ, চামড়াজাত পণ্য ও জুতা শিল্প।

মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, জাহাজ নির্মাণ ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন খাতে রপ্তানি বহুমুখীকরণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার কাজ করছে।

সাক্ষাতে আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/এমজেইউ/এসসিডিই/এফওইডি//