এআই সেবা সম্প্রসারণে রাইজ-ডিজিটএক্স চুক্তি

  • প্ল্যাটফর্মে নতুন এআই টুল যুক্ত করার উদ্যোগ
  • ১২ নভেম্বর দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই
  • পড়াশোনা ও সৃজনশীল কাজে এআই ব্যবহারে জোর

এআই সেবা সম্প্রসারণে রাইজ-ডিজিটএক্স চুক্তি
১৭ নভেম্বর, ২০২৬ ১৫:৫১  

নিজেদের ডিজিটাল প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সেবার পরিধি বাড়াতে প্রযুক্তি প্রতিষ্ঠান ডিজিটএক্সের সঙ্গে অংশীদারত্ব করেছে তারুণ্যের ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ। এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের তরুণদের জন্য আরও বেশি এআই টুল ও প্রযুক্তিসেবা ব্যবহারের সুযোগ তৈরি হবে।

 দুই প্রতিষ্ঠানের মধ্যে ১২ নভেম্বর এ বিষয়ে চুক্তি সই হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন রাইজের হেড কে এম রায়হান এবং ডিজিটএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দাস।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, রাইজের প্রোডাক্ট সিনিয়র ম্যানেজার মো. মশিউর রহমান অনিক, সিনিয়র ক্যাটাগরি ম্যানেজার শেখ শওকত হোসেন এবং ডিজিটএক্সের ডিরেক্টর অব অপারেশন অর্ণব বিশ্বাস।

চুক্তি অনুযায়ী, রাইজের এআইভিত্তিক সেবাগুলো সমৃদ্ধ করতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবে ডিজিটএক্স। পাশাপাশি প্ল্যাটফর্মটিতে আধুনিক এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানো, নতুন টুল তৈরি এবং ব্যবহারকারীদের দৈনন্দিন প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেবা উন্নয়নে যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।

এ অংশীদারত্বের আওতায় রাইজের বিদ্যমান এআই টুলগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে পড়াশোনা, সৃজনশীল কাজ এবং তথ্য অনুসন্ধানে তরুণদের ক্রমবর্ধমান ডিজিটাল নির্ভরতার বিষয়টি বিবেচনায় নিয়ে এসব কাজে এআই প্রযুক্তিকে আরও সহজ ও কার্যকর করার ওপর গুরুত্ব দেবে দুই প্রতিষ্ঠান।

এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “এআই শুধু জটিল প্রযুক্তিগত দক্ষতাসম্পন্ন মানুষের জন্য নয়। এর মাধ্যমে যে কেউ নতুন কিছু শিখতে পারেন, নিজের ভাবনা প্রকাশ করতে পারেন কিংবা আগে কঠিন মনে হতো এমন কাজ সহজে করতে পারেন। একটি ডিজিটাল অপারেটর হিসেবে আমাদের লক্ষ্য, আমাদের ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজের মাধ্যমে সবার কাছে এআই প্রযুক্তি ও টুল আরও সহজলভ্য করা।”

ডিজিটএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও অমিত দাস বলেন, “রাইজের মতো শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের এই পথচলা দেশের এআই প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। গ্রাহকদের জন্য বিশ্বমানের এআই অভিজ্ঞতা নিশ্চিত করতেই আমাদের এই যৌথ প্রয়াস।”

প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, এ চুক্তি রাইজকে পূর্ণাঙ্গ এআইভিত্তিক ডিজিটাল লাইফস্টাইল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ। নতুন নতুন ক্ষেত্রে এআই প্রযুক্তির ব্যবহার চালু করার পাশাপাশি তরুণদের দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার আরও সহজ ও কার্যকর করাই এ অংশীদারত্বের অন্যতম লক্ষ্য।

//ডিবিটেক/এএনএ/এসএমই/এমআইএস//