আইইউবিএটি ক্যাম্পাসে ৫৯ জন বিজয়ী ও আন্তর্জাতিক ক্যাম্পের ঘোষণা

১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড সম্পন্ন

  • প্রাইমারি, জুনিয়র ও সেকেন্ডারিতে চ্যাম্পিয়ন প্রিয়াংশু ঋদ্ধি, মারজানা মানহা ও মাহির আরিব।
  • বুলগেরিয়ায় ২৩তম আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিতে ৬ সদস্যের দল নির্বাচনে জাতীয় ক্যাম্প ঘোষণা
  • রাজধানীর আইইউবিএটি ক্যাম্পাসে চারশত প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ১২তম বিজ্ঞান অলিম্পিয়াডের জাতীয় পর্ব।

১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড সম্পন্ন
২৮ আগষ্ট, ২০২৬ ২০:১২  

তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রকৌশল শিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে সফলভাবে সম্পন্ন হলো ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও) জাতীয় পর্ব। ২৯ আগস্ট, ২০২৬ শনিবার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ক্যাম্পাসে দিনব্যাপী এ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুল অলিম্পিয়াড ও অনলাইন পর্ব পেরিয়ে আসা প্রায় চারশত শিক্ষার্থীর মধ্য থেকে মোট ৫৯ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

জাতীয় পর্বে তিনটি ক্যাটাগরিতে তিনজনকে সেরা চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। প্রাইমারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী প্রিয়াংশু ঋদ্ধি রায়, জুনিয়র ক্যাটাগরিতে একই স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী মারজানা মানহা এবং সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে রাজুক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী মাহির আরিব।

অনুষ্ঠানে সকাল ৯টা থেকে ২ ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষায় শিক্ষার্থীরা বিজ্ঞানের ৯টি জটিল সমস্যার সমাধান করে। পরবর্তীতে বিশেষ প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক প্রশ্নের উত্তর দেন বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ুব এবং নোবিপ্রবির সাবেক উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইইউবিএটি উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব বলেন, "বিজ্ঞানই আমাদের ভবিষ্যৎ। খুদে বিজ্ঞানীদের মেধা ও আগ্রহকে উৎসাহিত করতে এ ধরনের প্ল্যাটফর্ম অপরিহার্য।" প্রখ্যাত জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী শিক্ষার্থীদের কেবল এআই-এর ওপর নির্ভরশীল না হয়ে নিজস্ব মেধা ও বিজ্ঞানমনস্ক বিশ্লেষণের মাধ্যমে নতুন সমস্যার সমাধান বের করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাজ্জাদুর রহমান চৌধুরী, মো: শাহ আলম এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি মুনির হাসান। বিজয়ীদের নিয়ে আগামী ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ধানমন্ডিতে বিডিজেএসও ক্যাম্প অনুষ্ঠিত হবে, যেখান থেকে নির্বাচিত ৬ সদস্যের দল বুলগেরিয়ায় ২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও) অংশ নেবে।
//ডিবিটেক/ এমএম/এমআইএস//