তৃতীয় দফায় পেছাল ই-ক্যাব নির্বাচন

সংশোধন হলো মেয়াদ; ভোট ১৩ ফেব্রুয়ারি

  • মনোনয়নপত্রে বাধা ও হেনস্তার অভিযোগে পূর্বনির্ধারিত নির্বাচন স্থগিত
  • ২০২৬-২০২৮ এর পরিবর্তে ২০২৭-২০২৯ মেয়াদের নতুন নির্বাচনী তফসিল ঘোষণা
  • আগামী ১৩ ফেব্রুয়ারি, শনিবার অনুষ্ঠিত হবে ই-ক্যাবের দ্বিবার্ষিক ভোটগ্রহণ

সংশোধন হলো মেয়াদ; ভোট ১৩ ফেব্রুয়ারি
২০ নভেম্বর, ২০২৬ ০০:০০  

দেশের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতি, ই-কমার্স এবং এফ-কমার্স খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর নির্বাচন ঘিরে অস্থিরতা কাটছেই না। প্রযুক্তি ও অনলাইনভিত্তিক ব্যবসার নীতিগত সংস্কার ও স্মার্ট অবকাঠামো উন্নয়নের এই গুরুত্বপূর্ণ সময়ে আবারও নেতৃত্ব সংকটে পড়ল খাতটি। তৃতীয় দফায় স্থগিত হলো সংগঠনটির চলমান নির্বাচন কার্যক্রম। ১৯ নভেম্বর, বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা এবং ই-ক্যাব নির্বাচন বোর্ডের দুটি পৃথক নির্দেশনায় পূর্বনির্ধারিত নির্বাচন স্থগিতের পাশাপাশি ২০২৭-২০২৯ মেয়াদের নতুন নির্বাচনী তফসিল প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, গত ১০ নভেম্বর, মঙ্গলবার ই-ক্যাব কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় প্রার্থীদের বাধাপ্রাপ্তি, মনোনয়নপত্র ছিঁড়ে ফেলা এবং শারীরিকভাবে হেনস্তার অভিযোগ ওঠে। এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আগামী ১৯ ডিসেম্বর, শনিবার অনুষ্ঠিতব্য ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন কার্যক্রম স্থগিত করা হয়। এর আগে ১৮ নভেম্বর, বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে ই-ক্যাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বরাবর চলমান নির্বাচন স্থগিত করে পুনঃতফসিল প্রকাশের নির্দেশনা দেওয়া হয়। ই-ক্যাব নির্বাচন বোর্ডের ১৭ নভেম্বরের আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এই আদেশ জারি করে।

চিঠির অনুলিপি বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা, মন্ত্রীর একান্ত সচিব, সচিবের একান্ত সচিব এবং বাণিজ্য সংগঠন অনুবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

মেয়াদ সংশোধন ও নতুন নির্বাচনী তফসিল

পূর্বের ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার ঘোষিত তফসিল রহিত করে ১৮ নভেম্বর, বুধবার রাতে ২০২৭-২০২৯ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন বোর্ড। নতুন তফসিল অনুযায়ী, ১১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি (একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, একজন সহ-সভাপতি, একজন সাধারণ সম্পাদক, একজন যুগ্ম সম্পাদক, একজন অর্থ সম্পাদক এবং পাঁচজন পরিচালক) গঠনের লক্ষ্যে আগামী ১৩ ফেব্রুয়ারি, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে। 

তফসিলের অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখগুলোর মধ্যে রয়েছে—আগামী ১৪ ডিসেম্বর, সোমবার পর্যন্ত সদস্যপদ নবায়ন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন দাখিল; ২৪ ডিসেম্বর, বৃহস্পতিবার প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ; ২৫ থেকে ২৭ ডিসেম্বর আপত্তি দাখিল এবং ২৮ থেকে ৩০ ডিসেম্বর শুনানি শেষে ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। এরপর ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল, ৮ থেকে ১৪ জানুয়ারি বাছাই ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ এবং ২০ জানুয়ারি, বুধবার বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২৩ জানুয়ারি, শনিবার প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ শেষে ১৩ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষিত হবে ১৭ ফেব্রুয়ারি, বুধবার। তবে গত ৫ নভেম্বর, বৃহস্পতিবার প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত সদস্যদের নতুন করে ভোটার হওয়ার আবেদন করতে হবে না বলে তফসিলে স্পষ্ট করা হয়েছে।

প্রশাসক পরিবর্তন ও পূর্ববর্তী স্থগিতাদেশের প্রেক্ষাপট

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ই-ক্যাব সভাপতি পদ থেকে শমী কায়সার পদত্যাগ করলে ১১ সেপ্টেম্বর, বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলীকে প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। তাঁর মেয়াদে প্রথমে ২০২৫ সালের ৩ মে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও পরে তা পিছিয়ে ৩১ মে নির্ধারণ করা হয়। কিন্তু ভোটার তালিকা সংক্রান্ত জটিলতায় ১৪ মে, বুধবার প্রথম দফায় নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে ২৬ জুলাই, শনিবার নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হলেও উচ্চ আদালতের আদেশে ২২ জুলাই, মঙ্গলবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়।

এরপর ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর, সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. সাইফ উদ্দিন আহম্মদকে দ্বিতীয় প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁর তত্ত্বাবধানে আইনি জট কাটিয়ে চলতি বছরের ২৩ সেপ্টেম্বর, বুধবার নির্বাচন ও আপিল বোর্ড পুনর্গঠন করা হয়। পরবর্তীতে গত অক্টোবরে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও শাখার উপসচিব শরীফ মোস্তাফিজুর রহমানকে নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

নতুন ঘোষিত তফসিলে স্বাক্ষরকারী নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুস্তাফিজুর রহমান (বর্তমানে দাপ্তরিক কাজে দেশের বাইরে অবস্থান করছেন)। বোর্ডের অপর দুই সদস্য হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফিরোজ আল মামুন এবং উপনিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলাম।

ব্যবসায়ীদের উদ্বেগ ও প্রার্থীদের প্রতিক্রিয়া

বারবার নির্বাচন স্থগিত হওয়া এবং মনোনয়নপত্র সংগ্রহে বাধাদানের ঘটনায় ই-কমার্স ও এফ-কমার্স উদ্যোক্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং একটি পক্ষের প্রভাব বিস্তারের চেষ্টার কারণেই বারবার নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এরমধ্যেই স্থগিত ভোটে প্রার্থীতা ফরম বিক্রি হয়েছিলো ২৬টি। জমা পড়েছিলো ২০টি। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় বাণিজ্যিক সংগঠনে রাজনৈতিক সংশ্লেষ তথা ফ্যাসিস্ট ইস্যুতে প্রার্থীদের মধ্য থেকে আবেদন গ্রহণ ও জমা দেয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। 

নির্বাচন স্থগিতের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে একাধিক মনোনয়নপ্রত্যাশী জানান, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত না করে বারবার তফসিল পেছানো হলে সাধারণ ব্যবসায়ীরা সংগঠনের ওপর আস্থা হারাবেন। ১০ নভেম্বর কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

অন্যদিকে, সাধারণ ভোটার ও এফ-কমার্স উদ্যোক্তারা জানান, দীর্ঘদিন নির্বাচিত কমিটি না থাকায় নীতিগত সহায়তা, ভ্যাট-ট্যাক্স জটিলতা নিরসন এবং ক্রস-বর্ডার ই-কমার্স চালুর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থবির হয়ে পড়েছে। প্রশাসকের মাধ্যমে দৈনন্দিন কার্যক্রম চললেও খাতের সংকট মোকাবিলায় দ্রুত একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নেতৃত্বের বিকল্প নেই বলে মনে করেন তারা।

//ডিবিটেক/এসএমআইএইচ/এসসিডিআরই/এফওইডি//