যুদ্ধক্ষেত্রের এআই প্রযুক্তি নিয়ে যুক্তরাজ্য ও ইউক্রেনের ঐতিহাসিক চুক্তি
যুক্তরাজ্য ও ইউক্রেন যৌথভাবে সামরিক এবং প্রতিরক্ষা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি উন্নয়নে এক ঐতিহাসিক দ্বিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে প্রথম কোনো আন্তর্জাতিক দেশ হিসেবে যুক্তরাজ্য ইউক্রেনের রণাঙ্গন থেকে সংগৃহীত বাস্তব সামরিক ডেটা ব্যবহারের প্রবেশাধিকার পেল।
ইউক্রেনের রাজধানী কিয়েভে আয়োজিত এক দ্বিপক্ষীয় বৈঠকে দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
রণাঙ্গনের ডেটা ও 'অ্যাভেঞ্জার্স ল্যাবস'
যুক্তরাজ্যের সরকারের ওয়েবসাইট-এর তথ্যমতে, এই চুক্তির আওতায় ব্রিটিশ বিশ্ববিদ্যালয়, গবেষক ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ইউক্রেনীয় সামরিক বাহিনীর বিশেষ 'অ্যাভেঞ্জার্স এআই ল্যাবস'-এ প্রবেশের সুযোগ পাবে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়-এর তথ্য অনুযায়ী, এই প্ল্যাটফর্মটি মূলত রণাঙ্গনের চিহ্নিত প্রায় ৫০ লাখ ছবির একটি সুবিশাল ডেটাসেট দিয়ে তৈরি। এসব ডেটার বড় অংশ সংগৃহীত হয়েছে ইউক্রেনের নিজস্ব 'ডেল্টা' কমব্যাট সিস্টেমের মাধ্যমে। রণাঙ্গনে বসানো হাজার হাজার ডিজিটাল ও ইনফ্রারেড ক্যামেরার সাহায্যে ট্যাঙ্ক, কামান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোনসহ বিভিন্ন লক্ষ্যবস্তুর ছবি নিয়মিতভাবে এই ডেটাবেজে যুক্ত করা হচ্ছে।
প্রযুক্তিগত উন্নয়ন ও স্বয়ংক্রিয় লক্ষ্যবস্তু শনাক্তকরণ
কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে উঠে এসেছে যে, এই ডেটা ব্যবহার করে তৈরি এআই মডেলের মাধ্যমে ইতোমধ্যে ইউক্রেনীয় বাহিনী একটি স্বয়ংক্রিয় লক্ষ্যবস্তু শনাক্তকরণ ব্যবস্থা পরিচালনা করছে। ব্যবস্থাটি প্রতি মাসে ড্রোন থেকে আসা ১ লাখের বেশি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে প্রায় ৭০ শতাংশ শত্রুঘাঁটি ও লক্ষ্যবস্তু তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারছে। নতুন চুক্তির অধীনে দুই দেশের প্রকৌশলীরা অপটিক্যাল ফাইবার ক্যাবলকে এআই-চালিত সেন্সরে রূপান্তর করার বিশেষ প্রজেক্টে কাজ করবেন, যা সেনা ঘাঁটি সুরক্ষায় কাজে লাগবে। একই সঙ্গে ড্রোন ও স্বয়ংক্রিয় সিস্টেমের জন্য কম বিদ্যুৎ খরচে সচল এআই চিপ তৈরির বিষয়েও যৌথ গবেষণা পরিচালিত হবে।
প্রথম বিদেশ সফর ও ক্ষেপণাস্ত্র কারখানা স্থাপন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর অ্যান্ডি বার্নহামের এটিই ছিল প্রথম কোনো বিদেশ সফর। সফরকালে তিনি ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর বৈঠকেও সহ-সভাপতিত্ব করেন।
রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, এই সফরের অংশ হিসেবে ব্রিটেন দূরপাল্লার 'স্কাল্প' ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'এমবিডিএ'-কে ক্ষেপণাস্ত্রটির যুক্তরাজ্যের তৈরি যন্ত্রাংশসংক্রান্ত গোপন তথ্য ইউক্রেনকে দেওয়ার অনুমোদন দিয়েছে। এর ফলে ইউক্রেন নিজ ভূখণ্ডেই এই ক্ষেপণাস্ত্রের উৎপাদন ও সংযোজন লাইন গড়ে তুলতে পারবে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





