ইলন মাস্কের স্পেসএক্সে শেয়ার কিনেছেন ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের মহাকাশ গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ার কিনেছেন। সাম্প্রতিক প্রকাশিত এক সরকারি আর্থিক বিবরণী থেকে জানা গেছে, গত জুন মাসে ট্রাম্প এই শেয়ার লেনদেন সম্পন্ন করেন। এর মাধ্যমে তার সাবেক উপদেষ্টা ইলন মাস্কের বড় আকারের সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টের একটি প্রত্যক্ষ আর্থিক মালিকানা তৈরি হলো।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ জুন ডোনাল্ড ট্রাম্প ১৫ হাজার ১ থেকে ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের স্পেসএক্সের শেয়ার কেনেন। গত ১২ আগস্ট তিনি এই সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন এবং ২২ আগস্ট এটি সর্বসাধারণের জন্য প্রকাশ করা হয়। জুন মাসে ট্রাম্প যেসব এক হাজারের বেশি শেয়ার লেনদেন করেছিলেন, এটি ছিল তারই একটি অংশ।
উল্লেখ্য, গত ১২ জুন স্পেসএক্স তাদের শেয়ার বাজারে ছেড়ে মার্কিন ইতিহাসের সর্ববৃহৎ আইপিও সম্পন্ন করে। এর মাধ্যমে মহাকাশ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্যাটেলাইট সেবাদানকারী এই প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়ায় ১.৭৭ ট্রিলিয়ন মার্কিন ডলারে।
প্রেসিডেন্টের এই শেয়ার কেনার খবর সামনে আসার পর স্বার্থের দ্বন্দ্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ ট্রাম্প প্রশাসন প্রতিনিয়ত এমন কিছু নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে যা স্পেসএক্সের ব্যবসায়িক ভবিষ্যতের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। স্পেসএক্স মার্কিন সামরিক বাহিনীর একটি অন্যতম ঠিকাদার প্রতিষ্ঠান এবং নিয়মিতভাবে নানা সরকারি অনুমোদনের ওপর নির্ভর করে। এছাড়া সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে বাণিজ্যিকভাবে মহাকাশে রকেট উৎক্ষেপণের সংখ্যা নাটকীয়ভাবে বাড়ানোর নির্দেশ দিয়েছেন, যেখানে স্পেসএক্স একটি প্রধান প্রভাবশালী শক্তি।
তবে এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইংলে এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্টের বিনিয়োগ পোর্টফোলিও সম্পূর্ণ স্বাধীন একটি তৃতীয় পক্ষ আর্থিক প্রতিষ্ঠান পরিচালনা করে। তারা মূলত 'শোয়াব ১০০০'-এর মতো স্বীকৃত সূচক অনুসরণ করে বিনিয়োগ পরিচালনা করে। তিনি আরও স্পষ্ট করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প বা তার পরিবারের কোনো সদস্যের এই বিনিয়োগ পরিচালনায় বা কোন শেয়ার কখন কেনা-বেচা হবে, সে বিষয়ে প্রভাব ফেলার কোনো সুযোগ নেই।
শুধু প্রেসিডেন্ট ট্রাম্পই নন, তার প্রশাসনের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার মাস্কের প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক সম্পর্ক রয়েছে। মার্কিন স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান এবং ট্রাম্পের মন্ত্রিসভার সদস্য কেলি লোয়েফলার স্পেসএক্সের আইপিও থেকে বিপুল অঙ্কের মুনাফা অর্জন করেছেন। তিনি প্রথমে মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান এক্সএআই-তে বিনিয়োগ করেছিলেন, যা পরে স্পেসএক্সের সঙ্গে একীভূত হয়।
মার্কিন নিয়মানুযায়ী আর্থিক বিবরণীতে সম্পদের সুনির্দিষ্ট মূল্যের বদলে নির্দিষ্ট একটি পরিসর উল্লেখ করা হয়। ফলে ট্রাম্পের এই বিনিয়োগের সঠিক পরিমাণ শতভাগ নিখুঁতভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





