সিপিডির মূল্যায়নে এআই ট্রাফিকে অগ্রগতি ও ড্যাশবোর্ড ঘাটতি
প্রযুক্তি অগ্রগতিতে স্বস্তি হলেও ট্র্যাকারে অস্বস্তি
- এআই ট্রাফিক ও ই-রিটার্ন ইতিবাচক
- প্রোজেক্ট ড্যাশবোর্ড ও এলএনজি অস্পষ্ট
- জিডিপি ও সংস্কারে কাঠামোগত অস্বস্তি
ঢাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক স্বয়ংক্রিয় ট্রাফিক আইন প্রয়োগ, স্বয়ংক্রিয় জরিমানা ব্যবস্থা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সম্প্রসারণ, বিচার বিভাগে ই-বেল বন্ড, ই-কজ লিস্ট ও বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা চালু করা স্বস্তিদায়ক ও ইতিবাচক পদক্ষেপ। এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে বাধ্যতামূলক ডিজিটাল আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল ও দ্রুত রিফান্ড দেওয়ার প্রযুক্তিগত উদ্যোগ সাধুবাদ পেয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুমের প্রযুক্তি সরঞ্জাম পুনঃস্থাপন ও ইবাস++ (iBAS++) এর মাধ্যমে অবসর সুবিধা সরাসরি ব্যাংকে পাঠানো কার্যকর রূপ নিয়েছে।
তবে সরকারের প্রকল্প বাস্তবায়ন তদারকিতে বাস্তব সময়ের ‘প্রোজেক্ট ড্যাশবোর্ড’ এখনও উন্মুক্ত না হওয়া এবং প্রতিশ্রুত দ্বিতীয় শ্বেতপত্র প্রকাশ না পাওয়াকে অস্বস্তিকর বলে উল্লেখ করা হয়। উপকূলে তেল-গ্যাস অনুসন্ধানে মডেল পিএসসি ২০২৬-এর অধীনে আন্তর্জাতিক দরপত্র এবং সুন্দলপুর-৪ কূপে বাপেক্সের খনন শুরু প্রযুক্তিগতভাবে আশাব্যঞ্জক হলেও মহেশখালীর এলএনজি টার্মিনালের কারিগরি ও প্রযুক্তিগত সংকট সমাধান না হওয়া এবং বাতিল করা এলএনজি পুনরায় চালুর বিষয়ে অস্পষ্টতা রয়েছে। ভোলা গ্যাসের মূল ভূখণ্ডে ব্যবহারের প্রযুক্তিগত উদ্যোগের ঘাটতি এবং ধারাবাহিক গ্যাস সংকটে সার কারখানা বন্ধ থাকায় উদ্বেগ প্রকাশ করা হয়।
২৪ আগস্ট, সোমবার রাজধানীর ধানমন্ডির সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ডায়লগ রুমে ‘নতুন সরকারের প্রথম ছয় মাস: একটি অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া সংলাপে এই ‘অস্বস্তিকর’ উদ্বেগ প্রকাশ করা হয়। সংলাপে সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রমের ওপর ৩৬২টি পর্যবেক্ষণ পর্যালোচনা করে তৈরি করা একটি বিশেষ পলিসি ট্র্যাকারের মূল্যায়ন তুলে ধরা হয়।
এতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে মূল্যায়ন উপস্থাপন করেন সিপিডির সম্মাননীয় ফেলো ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন। গবেষণা টিমে আরও যুক্ত ছিলেন শৌর্য তালুকদার, আসির নেওয়াজ খান, জুবায়ের জাহির চৌধুরী, নাফিসা তারাননুম, মমতাজুল জান্নাত, নাইমা জাহান তৃষা, মাহদিয়া মাহমুদ তাইমা, খাজা মাশআম ফাহিম, মাহাথির মাহমুদ, তারাননুম জিনান, মো. রিফাত বিন আওলাদ, জারিন তাসনিম ও নাহিয়ান রায়হানা প্রাপ্তি।
সাংবাদিকদের সামনে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নতুন সরকারের কাছে জিডিপিতে ঘুরে দাঁড়ানোর আকাঙ্ক্ষায় হতাশ না হলেও অস্বস্তিতে পড়েছেন। তিনি উল্লেখ করেন, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরের ধারাবাহিকতায় ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২২ শতাংশে নেমেছে। পরিবহনে এআই ব্যবহারে স্বস্তি থাকলেও বিশ্ববিদ্যালয়ে ও বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক পদায়ন অত্যন্ত অগ্রহণযোগ্য পদক্ষেপ। আইন ও মানবাধিকার বিষয়ে তিনি বলেন, গুম হওয়া বা মানবাধিকার লংঘনের ক্ষেত্রে যে আইন ভঙ্গ করবে তাকে দিয়েই অনুসন্ধান চালানো সুস্পষ্ট স্বার্থের সংঘাত তৈরি করে। একইসঙ্গে ডিজিটাল ব্যবস্থা এগোলেও সরকারের ব্যয় কার্যকারিতা ও ভর্তুকি পর্যালোচনায় কোনো স্বাধীন কমিশন গঠন না হওয়া হতাশাজনক।
আইনশৃঙ্খলা ও নাগরিক সুরক্ষার ক্ষেত্রে অভিযোগ রয়েছে যে স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি, জমি দখল ও ভীতি প্রদর্শনের মতো ঘটনা এখনও পুরোপুরি বন্ধ হয়নি। পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ ও মতপ্রকাশের স্বাধীনতায় বাধার অভিযোগ উঠেছে।
বিশ্লেষণে দেখা যায়, সরকারের মূল্যায়ন করা ৩১টি নির্দেশকের মধ্যে ১২টিতে উন্নতি হলেও ১৯টিতে অবনতি ঘটেছে। অর্থনৈতিক পুনরুদ্ধার নিশ্চিত করতে আগামী অক্টোবর ২০২৬ থেকে জুন ২০২৭ মেয়াদের জন্য একটি কোর বাজেট প্রণয়ন এবং জ্বালানি, ব্যাংকিং ও রাজস্ব দফতরে সমন্বিত কাঠামোগত সংস্কার বাস্তবায়নের সুপারিশ করেছে সিপিডি।
//ডিবিটেক/এনএপি/এসএমআইএইচ//





