বর্জ্য ও পানি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি চেয়েছে বাংলাদেশ
নগর প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন সহযোগিতা
- বর্জ্য, পানি ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে উন্নত মার্কিন প্রকৌশল প্রযুক্তি সহায়তা
- কৃষি কোল্ড স্টোরেজ আধুনিকায়ন ও টেকসই নগর অবকাঠামো নির্মাণে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার
- বর্জ্য ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর সর্বোচ্চ অগ্রাধিকার এবং আন্তর্জাতিক কারিগরি অংশীদারিত্ব বৃদ্ধির তাগিদ
ঢাকা: পানি ব্যবস্থাপনা প্রকৌশল, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষি কোল্ড স্টোরেজের মতো প্রযুক্তিনির্ভর খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। ২৪ আগস্ট সোমবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে তাঁর দফতরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে মন্ত্রী ড. আবদুল মঈন খান পানি ব্যবস্থাপনার উন্নয়ন, কার্যকর বর্জ্য প্রযুক্তি, পরিবেশবান্ধব জ্বালানি এবং কৃষি কোল্ড স্টোরেজের আধুনিকীকরণে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত জ্ঞান ও প্রকৌশল অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, এসব ক্ষেত্রে দুই দেশের মধ্যে প্রযুক্তি বিনিময় ও যৌথ উদ্যোগ বাস্তবায়ন করা হলে দেশের সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন আরও টেকসই ও কার্যকর হবে।
মন্ত্রী উল্লেখ করেন, "আমরা জনগণের সরকার এবং জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। বর্তমান সরকার অর্থনৈতিক সমৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর করতে কাজ করছে।" টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে ও পরিবেশ সুরক্ষায় আধুনিক প্রযুক্তিভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনাই অন্যতম অগ্রাধিকার বলে তিনি জানান।
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রযুক্তিনির্ভর খাতে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
আলোচনায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী নিজেও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন এবং এ খাতে আন্তর্জাতিক প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রফিকুল ই মোহামেদ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন প্রকৌশল ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/আরএমসিপি/এসএমআইএইচ//





