বিটিআরসির ৩১০তম কমিশন সভা ২৪ আগস্ট

মোবাইল ব্যাংকিং সীমা বৃদ্ধি ও এনইআইআর চালুর সিদ্ধান্ত নিচ্ছে বিটিআরসি

  • সভায় উঠছে ডাইরেক্ট অপারেটর বিলিং লেনদেনসীমা বৃদ্ধি, এনইআইআর হার্ডওয়্যার প্রতিস্থাপন ও বকেয়া আদায়সহ ৩৫টি বিষয়
  • উত্থাপিত হবে ডিআইএস পোর্টালে ডাটা না দেওয়া আইএসপি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও লাইসেন্স বাতিলের প্রস্তাব

মোবাইল ব্যাংকিং সীমা বৃদ্ধি ও এনইআইআর চালুর সিদ্ধান্ত নিচ্ছে বিটিআরসি
২৩ আগষ্ট, ২০২৬ ১০:০৯  

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ৩১০তম কমিশন সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৪ আগস্ট, সোমবার। বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী (অবঃ)-এর সভাপতিত্বে কমিশনের সভাকক্ষে (কক্ষ নং-৩০৪) এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হবে। এতে দেশের টেলিযোগাযোগ খাতের নীতি নির্ধারণ, এনফোর্সমেন্ট এবং রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত ৩৫টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।

সভার আলোচ্য সূচি অনুযায়ী, সভায় মোবাইল ফোন অপারেটরদের জন্য Direct Operator Billing (DOB)-এর মাধ্যমে লেনদেনসীমা বৃদ্ধি ও পরিচালনা সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেমের হার্ডওয়্যার প্রতিস্থাপন ও রক্ষণাবেক্ষণ খরচ বহনের জন্য নতুন ক্রয় কার্যক্রম শুরুর নীতিগত অনুমোদন চেয়েছে কমিশন। একইসঙ্গে 'আলামিন অ্যান্ড ব্রাদার্স' কর্তৃক নতুন আন্তর্জাতিক ব্র্যান্ড (W&O) মোবাইল হ্যান্ডসেট উৎপাদনের অনুমোদন এবং স্থানীয় মোবাইল টেস্টিং ল্যাব স্থাপনের দরপত্র মূল্যায়নের বিষয়ে আলোচনা হবে।

আইএসপি ও সার্ভিস অপারেটরদের ওপর নজরদারি জোরদার করতে অপারেশনাল তথ্য ডিআইএস (DIS) পোর্টালে জমা না দেওয়া নিষ্ক্রিয় আইএসপিগুলোর লাইসেন্স বাতিল ও প্রশাসনিক জরিমানা আরোপের এজেন্ডা রাখা হয়েছে। এছাড়া বিটিসিএল-কে A2P SMS এগ্রিগেটর হিসেবে তালিকাভুক্তি, নোভোকম লিমিটেডের প্রশাসনিক জরিমানা পুনর্বিবেচনা, গ্রামীণফোনের সিস্টেম অডিট সম্পাদনকারী প্রতিষ্ঠানের ‘স্বার্থের সংঘাত’ (Conflict of Interest) নিরসন এবং ই-বর্জ্য ব্যবস্থাপনা নীতি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হবে।

এছাড়াও রাজস্ব ব্যবস্থাপনার ক্ষেত্রে পদ্মা ব্যাংক পিএলসি (পূর্বের ফারমার্স ব্যাংক)-এর নিকট আটকে থাকা স্থায়ী আমানত, আইজিডব্লিউ (IGW) ও আইটিসি (ITC) অপারেটরদের বকেয়া আদায়, এবং আগামী অর্থবছরগুলোতে বিটিআরসির সম্ভাব্য রাজস্ব লক্ষ্যমাত্রার চিত্র উপস্থাপন করা হবে। পাশাপাশি র‍্যাব ও বাংলাদেশ পুলিশের ডিমান্ড নোটের বিলম্ব ফি মওকুফ, আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবল প্রতিষ্ঠানের রোল-আউট সময়সীমা বৃদ্ধি এবং বিটিআরসির নিজস্ব সিপিএফ তহবিল রূপান্তরের বিষয়গুলো সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হবে।
//ডিবিটেক/এমএসএ/সিএমআই//