এআই নজরদারি মোকাবিলায় স্ক্রিনশট নেওয়ার সুবিধা সীমিত করল সিগন্যাল

এআই নজরদারি মোকাবিলায় স্ক্রিনশট নেওয়ার সুবিধা সীমিত করল সিগন্যাল
২২ নভেম্বর, ২০২৬ ১৭:০৮  

অপারেটিং সিস্টেমগুলোতে স্বয়ংক্রিয় বা ‘এজেন্টিক এআই’ যুক্ত হওয়াকে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তার জন্য ‘অস্তিত্ব সংকট’ হিসেবে অভিহিত করে অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে স্ক্রিনশট নেওয়ার সুবিধা সীমিত করার ঘোষণা দিয়েছে এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম সিগন্যাল। 

গত শুক্রবার (২০ নভেম্বর) প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মেরেডিথ হুইটেকার এক ব্লগ পোস্টে এই নতুন নিরাপত্তা পদক্ষেপের কথা জানান।

এআই এজেন্ট ও স্ক্রিন স্ক্যানিংয়ের ঝুঁকি
মেরেডিথ হুইটেকারের মতে, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, ম্যাকওএস এবং আইওএস অপারেটিং সিস্টেমগুলো তাদের এআই এজেন্টদের (যেমন- গুগল জেমিনি, অ্যাপলের সিরি এআই এবং মাইক্রোসফট রিকল) ব্যবহারকারীর ফোনের বা কম্পিউটারের পর্দা ‘স্ক্যান’ বা পড়ার ক্ষমতা দিয়ে সিগন্যালের স্বাধীনভাবে গোপনীয়তা নিশ্চিত করার সক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, এআই এজেন্টিক সুবিধার নামে ব্যবহারকারীদের অত্যন্ত সংবেদনশীল তথ্য পর্দা থেকে ধারণ (ক্যাপচার) করা হচ্ছে এবং তা স্থানীয় ডেটাবেস বা দূরবর্তী সার্ভারে সংরক্ষিত হচ্ছে। একবার পর্দা থেকে কোনো তথ্য এভাবে সংগৃহীত হয়ে গেলে তা সিগন্যালের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যা কেবল একজন ব্যবহারকারী নয় বরং কথোপকথনে অংশগ্রহণকারী সবার গোপনীয়তাকেই বিপন্ন করে তোলে।

কোন প্ল্যাটফর্মে কীভাবে কাজ করবে এই সুরক্ষা
এর আগে মাইক্রোসফটের ‘রিকল’ ফিচারের ঝুঁকি এড়াতে উইন্ডোজ ১১ সংস্করণে ডিফল্টভাবে স্ক্রিনশট নেওয়া বন্ধ করেছিল সিগন্যাল। এবার মোবাইল প্ল্যাটফর্মগুলোতেও একই ধরনের সুরক্ষা যুক্ত করা হলো:

•    আইওএস: অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেমে সিগন্যাল অ্যাপের ভেতরে ডিফল্টভাবেই স্ক্রিনশট নেওয়া সীমিত করা হয়েছে এবং ‘ব্লক সিরি এআই’ ফিচারটি সক্রিয় রাখা হয়েছে। 

•    অ্যান্ড্রয়েড: কোনো এআই অ্যাসিস্ট্যান্ট পর্দার তথ্য পড়ার চেষ্টা করছে এমনটি শনাক্ত হলেই সিগন্যাল স্বয়ংক্রিয়ভাবে অ্যাপের ‘স্ক্রিন সিকিউরিটি’ চালু করে দেবে। 

•    ম্যাকওএস: অ্যাপলের প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ম্যাকওএস সংস্করণে এখনো নির্ভরযোগ্যভাবে স্ক্রিনশট ব্লক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সিগন্যাল। তাই ম্যাক ব্যবহারকারীদের সিস্টেম সেটিংসের ‘সিরি’ অপশনে গিয়ে ‘এক্সক্লুডেড অ্যাপস’ তালিকায় সিগন্যাল যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। 

‘অসম্পূর্ণ সমাধান’ ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান
ব্যবহারকারীরা চাইলে সেটিংস থেকে স্ক্রিনশট নেওয়ার এই বিধিনিষেধ বন্ধ করতে পারবেন। তবে মেরেডিথ হুইটেকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এটি বন্ধ করলে সিগন্যালের গোপনীয়তার নিশ্চয়তা আর কার্যকর থাকবে না।

পাশাপাশি তিনি অকপটে স্বীকার করেছেন যে, স্ক্রিনশট বন্ধ করা একটি ‘অসম্পূর্ণ সমাধান’। কারণ, এআই এজেন্টরা ডিভাইসের ফাইল সিস্টেম বা অ্যাক্সেসিবিলিটি সেটিংসের মতো আরও গোপন ও সূক্ষ্ম উপায়ে অ্যাপের তথ্য সংগ্রহ করতে পারে। 

এ সমস্যা সমাধানে অ্যাপল, গুগল এবং মাইক্রোসফটের প্রতি আহ্বান জানিয়ে সিগন্যাল বলেছে, অ্যাপগুলো যাতে এআই-এর তথ্য সংগ্রহ থেকে নিজেদের সম্পূর্ণ বাইরে রাখতে পারে, সেজন্য অপারেটিং সিস্টেমগুলোতে সুনির্দিষ্ট ও স্বচ্ছ ব্যবস্থা রাখা জরুরি। 

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: টেকক্রাঞ্চ