রোবটিক পুনর্বাসন ও সাব-স্পেশিয়ালিটি উন্নয়নের অঙ্গীকার
বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালিত
- রোবটিক, নিউরো ও কার্ডিও-পালমোনারি পুনর্বাসনসহ সাব-স্পেশিয়ালিটি উন্নয়নের অঙ্গীকার
- দেশের চিকিৎসাসেবায় আস্থা রেখে বিদেশমুখিতা কমানোর আহ্বান মির্জা আব্বাসের
- পুনর্বাসন চিকিৎসার পাশাপাশি রোগীদের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ
দুর্ঘটনা ও বিভিন্ন রোগে আক্রান্ত কর্মক্ষমতাহীন মানুষকে পুনরায় কর্মক্ষম করে তোলা এবং নিউরো, রোবটিক ও কার্ডিও-পালমোনারি রিহ্যাবিলিটেশনসহ বিভিন্ন সাব-স্পেশিয়ালিটির উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) পালিত হয়েছে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস ২০২৬।
বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর) এবং বিএমইউর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের যৌথ উদ্যোগে ১৪ নভেম্বর, শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈজ্ঞানিক সেমিনার, প্রচারপত্র বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং পুনর্বাসনসেবা ও সংশ্লিষ্ট কার্যক্রমের প্রদর্শনী স্টল পরিদর্শনের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এবং প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিএসপিএমআরের নির্বাহী সভাপতি অধ্যাপক ডা. মো. তসলিম উদ্দিন ও বিএমইউর ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুরের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আব্দুল কেনান, বিএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, যুগ্ম-সম্পাদক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু, বিএমইউ ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শেখ ফরহাদ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. এম এম জামান ও সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদ। স্বাগত বক্তব্য রাখেন ডা. মো. কামরুজ্জামান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. মো. সোহেল রানা। সার্বিক আয়োজনে প্রতিবেদকের দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক ডা. মো. এম এ কে আজাদ ও ডা. মো. নাদিম কামাল।
বৈজ্ঞানিক পর্বে বক্তারা স্পোর্টস অ্যান্ড অর্থোপেডিক, পেডিয়াট্রিক, জেরিয়াট্রিক, ক্যানসার অ্যান্ড লিম্ফেডিমা, স্পিচ অ্যান্ড সোয়ালোয়িং এবং মাস্কুলোস্কেলেটাল অ্যান্ড পেইন রিহ্যাবিলিটেশনসহ বিভিন্ন সাব-স্পেশিয়ালিটির উন্নয়নের জোরালো অঙ্গীকার ব্যক্ত করেন।
বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ জানান, তিনি নিজেও একজন রোগী এবং কিছুদিন আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে রোবটিক ফিজিওথেরাপি চিকিৎসাসেবা নিচ্ছেন। ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন সেবাকে প্রসারিত করার পাশাপাশি সংবাদপত্র ও টেলিভিশনসহ গণমাধ্যমে ব্যাপক প্রচারের তাগিদ দেন তিনি, যাতে সাধারণ মানুষ ও রোগীরা এই সেবা সম্পর্কে জেনে উপকৃত হতে পারেন। দেশের চিকিৎসাসেবা অত্যন্ত উন্নত উল্লেখ করে তিনি রোগীদের বিদেশে না গিয়ে দেশেই চিকিৎসা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি কোনো সরকারের আমলেই চিকিৎসকরা যেন রাজনীতির শিকার না হন এবং তাদের অভিজ্ঞতা কাজে লাগানো থেকে বঞ্চিত না হন, সেদিকে সবার খেয়াল রাখার আহ্বান জানানো হয়।
বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক নিজের অভিজ্ঞতা তুলে ধরে জানান, অস্ত্রোপচার পরবর্তী ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেবা রোগীদের সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারে। বেশ কয়েকটি অস্ত্রোপচারের পরও এই সেবার মাধ্যমে সুস্থ হয়ে তিনি অতীতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হিসেবে দেশের জন্য অবদান রাখতে সক্ষম হয়েছেন বলে উল্লেখ করেন।
বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, স্ট্রোক ও দুর্ঘটনায় আক্রান্ত রোগীরা তীব্র মানসিক আঘাতে ভোগেন। এ অবস্থা থেকে উত্তরণে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেবার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। এছাড়া এ খাতের উন্নয়নে প্রয়োজনীয় জনবল তৈরি ও পুনর্বাসনসেবা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দিবসের শুরুতে বিএমইউ প্রাঙ্গণের বটতলা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সি ব্লকে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা উদ্বোধন করে বিএমইউর প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ জানান, দুর্ঘটনা ও স্ট্রোকসহ নানা কারণে কর্মহীন হয়ে পড়া রোগীদের অর্থোপেডিক ও নিউরোলজিক্যাল অস্ত্রোপচারের পাশাপাশি পরবর্তী পুনর্বাসনসেবার প্রয়োজন হয়। এর মাধ্যমে রোগীরা সুস্থ হয়ে সমাজের বোঝা না হয়ে দেশের জন্য অবদান রাখতে পারেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুর জানান, বিভিন্ন সাব-স্পেশিয়ালিটি গড়ে তোলা, বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি, আধুনিক প্রযুক্তি ও রোবটিক রিহ্যাবিলিটেশনের ব্যবহার, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশে পুনর্বাসন চিকিৎসাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব।
বিএসপিএমআরের নির্বাহী সভাপতি অধ্যাপক ডা. মো. তসলিম উদ্দিন জানান, এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'ডেভেলপিং সাব স্পেশিয়ালিটিজ, ডেভেলপিং পিএমআর'। আধুনিক পুনর্বাসন চিকিৎসার সম্প্রসারণ, গবেষণা ও উচ্চতর প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে সচেতনতা সৃষ্টিই এই আয়োজনের মূল লক্ষ্য।
সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদ জানান, বাংলাদেশে সড়ক দুর্ঘটনা, স্ট্রোক, মেরুদণ্ডের আঘাত, বাতব্যথা, ক্যানসার, স্নায়বিক প্রতিবন্ধকতা ও বয়সজনিত শারীরিক অক্ষমতায় বিপুলসংখ্যক মানুষের পুনর্বাসন চিকিৎসা প্রয়োজন। রোগীদের কার্যক্ষমতা পুনরুদ্ধার, ব্যথা নিয়ন্ত্রণ এবং সামাজিক ও পেশাগত জীবনে পুনঃঅংশগ্রহণ নিশ্চিত করতে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
//ডিবিটেক/পিএমবিএমইউ/এসসিডিআরই/এফওইডি//





