সাড়ে আট ঘণ্টা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শেষে বিরতি
গ্রিড থেকে বিচ্ছিন্ন রূপপুরের প্রথম ইউনিট
- মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে রূপপুরের প্রথম ইউনিট বিচ্ছিন্ন
- প্রথম দফায় উৎপাদন সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াটে উন্নীত হয়েছিল
- ২৮ ঘণ্টা বিরতির পর দ্বিতীয় দফায় ফের গ্রিডে যুক্ত হবে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরুর প্রায় সাড়ে আট ঘণ্টা পর তা গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।
সূত্রমতে. মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে প্রথম ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। প্রথম দফার এই পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে উন্নীত হয়েছিল ইউনিটটি। কারিগরি পরীক্ষার পরবর্তী ধাপ সম্পন্ন করার প্রস্তুতি হিসেবেই এ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। সংযোগের ২৯ মিনিট পর বিকেল ৩টা ৪৫ মিনিটে প্রথম ইউনিটের উৎপাদন দাঁড়ায় ৩৫০ মেগাওয়াটে।
পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে উৎপাদন প্রথমে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয় এবং পরবর্তীতে তা বাড়িয়ে ৩৭৫ মেগাওয়াটে উন্নীত করা হয়। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রিডের সঙ্গে জেনারেটর যুক্ত করার আগে উভয় ব্যবস্থার ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি ও অন্যান্য বৈদ্যুতিক বৈশিষ্ট্যের মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করা হয়।
গ্রিড সিনক্রোনাইজেশনের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জাতীয় গ্রিডের সঙ্গে কতটা স্থিতিশীলভাবে কাজ করতে পারে, মঙ্গলবারের সংযোগের মধ্য দিয়ে সেই পরীক্ষা শুরু হয়েছে।
প্রথম দফায় প্রায় সাড়ে আট ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করার পর টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হয়। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর দ্বিতীয় দফায় চার থেকে ছয় ঘণ্টার জন্য আবারও গ্রিডে সংযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
//ডিবিটেক/আরকেএস//এসএমপি/এমআইএসটি//





