চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

সৌরবিদ্যুৎ, সবুজ নির্মাণ ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দারুণ সুযোগ বাংলাদেশে

  • সৌরবিদ্যুৎ, জ্বালানি সংরক্ষণ প্রযুক্তি ও সবুজ নির্মাণে চীনা প্রতিষ্ঠানের বিশেষ সুবিধা রয়েছে।
  • কুনমিং-চট্টগ্রাম করিডোর ও বাণিজ্যিক সুবিধাকে কাজে লাগিয়ে বিনিয়োগের আহ্বান জানায় বাংলাদেশ কনস্যুলেট।
  • শতভাগ বিনিয়োগ ফেরত সুবিধা ও বিডার ওয়ান স্টপ সার্ভিস বিনিয়োগকারীদের সুরক্ষা দেবে।

সৌরবিদ্যুৎ, সবুজ নির্মাণ ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দারুণ সুযোগ বাংলাদেশে
২২ আগষ্ট, ২০২৬ ২৩:৩১  

সৌরবিদ্যুৎ, জ্বালানি সংরক্ষণ প্রযুক্তি এবং পরিবেশবান্ধব সবুজ নির্মাণ খাতে চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশে বিনিয়োগের বিশেষ ও যুগান্তকারী সুযোগ রয়েছে। চীনের ইউনান প্রদেশের উদ্যোক্তাদের এই সম্ভাবনাময় খাতে বিনিয়োগের জোর আহ্বান জানিয়েছে কুনমিংয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে শনিবার (২২ আগস্ট) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কুনমিংয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন’ শীর্ষক উপস্থাপনায় কনস্যুলেটের প্রথম সচিব (বাণিজ্যিক) রিদওয়ানুর রহমান সবুজ প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতের ওপর বিশেষভাবে আলোকপাত করেন।

উপস্থাপনায় জানানো হয়, সৌরবিদ্যুৎ ও টেকসই জ্বালানি খাতের পাশাপাশি তৈরি পোশাক, ওষুধ, ইলেকট্রনিক্স, বৈদ্যুতিক যানবাহন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, লজিস্টিকস এবং তথ্যপ্রযুক্তি খাতও সমান সম্ভাবনাময়। কুনমিং–চট্টগ্রাম প্রস্তাবিত বাণিজ্যিক করিডোর কার্যকর হলে তা দক্ষিণ-পশ্চিম চীন থেকে বঙ্গোপসাগর হয়ে ভারত মহাসাগরে পৌঁছানোর পথ সহজ করবে, যা ইউনানের উদ্যোক্তাদের জন্য বিশ্ববাজারে প্রবেশের নয়া দিগন্ত উন্মোচন করবে।

বিনিয়োগ সুরক্ষার বিষয়ে কনস্যুলেটের বাণিজ্যিক উইং উল্লেখ করে, বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য শতভাগ মূলধন ও মুনাফা প্রত্যাবাসনের সুযোগ রয়েছে। এছাড়া চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন বিশেষ চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস, চার বিলিয়ন ডলারের বেশি মূল্যের পিপিপি প্রকল্প এবং চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করছে। অনুষ্ঠান শেষে ইউনান, সিচুয়ান ও চংচিং অঞ্চলের উদ্যোক্তারা বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণে গভীর আগ্রহ প্রকাশ করেন।
//ডিবিটেক/ডিপিও/এসএমই//