চতুর্থ দেশ হিসেবে ট্রিলিয়ন ডলার রপ্তানির মাইলফলকে দক্ষিণ কোরিয়া

চতুর্থ দেশ হিসেবে ট্রিলিয়ন ডলার রপ্তানির মাইলফলকে দক্ষিণ কোরিয়া
১৯ নভেম্বর, ২০২৬ ১৪:০৯  

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের বিশ্বব্যাপী ব্যাপক চাহিদার ওপর ভর করে চলতি বছরে রপ্তানি আয়ে ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) মার্কিন ডলারের ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করেছে দক্ষিণ কোরিয়া। 

জার্মানি, যুক্তরাষ্ট্র এবং চীনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এই বিরল কৃতিত্ব অর্জন করল এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, গ্রিনিচ মান সময় ভোর ৫টা ৯ মিনিটে দেশের মোট রপ্তানি ১ ট্রিলিয়ন ডলারের গণ্ডি ছাড়িয়ে যায়। এর আগে গত বছর দেশটির মোট রপ্তানির রেকর্ড ছিল ৭০ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার। 

মূলত বিশ্বের শীর্ষস্থানীয় দুই চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস এবং এসকে হাইনিক্সের হাত ধরে বিশ্বজুড়ে এআই অবকাঠামো বিনিয়োগের জোয়ারই দক্ষিণ কোরিয়ার রপ্তানি ও অর্থনীতিতে এই অভূতপূর্ব গতি এনেছে।

রপ্তানি সাফল্য বনাম অভ্যন্তরীণ অর্থনীতির চ্যালেঞ্জ
রপ্তানি খাতে এই আকাশচুম্বী সাফল্য এলেও দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরীণ চাহিদায় এখনো মন্থরগতি বিরাজ করছে। রপ্তানি আয়ের সুফল এখনো দেশের সব সাধারণ পরিবারের কাছে পৌঁছায়নি। উচ্চ সুদের হার, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং দেশের শেয়ারবাজারে নজিরবিহীন অস্থিরতার কারণে সাধারণ ভোক্তাদের মনোবলে নেতিবাচক প্রভাব পড়েছে।

এই অর্জনকে টেকসই প্রবৃদ্ধিতে রূপান্তরের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেন, প্রধান শিল্পগুলোর প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এআই এবং বায়ো-প্রযুক্তির মতো ভবিষ্যৎ প্রবৃদ্ধির খাতগুলোকে আরও বিকশিত করতে হবে। 

তিনি জোর দিয়ে বলেন, রপ্তানির এই সাফল্য অবশ্যই সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নে কাজে লাগাতে হবে এবং বড় প্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রান্তিক অঞ্চলগুলোর মধ্যেও প্রবৃদ্ধির সুফল ভাগ করে দিতে হবে।

‘ফিউচার রেসপন্স ফান্ড’ ও অর্থনৈতিক পূর্বাভাস
চিপ খাতের এই অভাবনীয় সাফল্য থেকে প্রাপ্ত বাড়তি কর রাজস্ব জনকল্যাণে ব্যয় করতে ১৬২ দশমিক ৩ ট্রিলিয়ন ওন (প্রায় ১২ হাজার ১৯৪ কোটি মার্কিন ডলার) মূল্যের একটি ‘ফিউচার রেসপন্স ফান্ড’ গঠনের পরিকল্পনা নিয়েছে লি প্রশাসন। এই তহবিলের অর্থ উদীয়মান শিল্প খাত, তরুণ প্রজন্ম, আঞ্চলিক উন্নয়ন এবং শিক্ষা খাতে বিনিয়োগ করা হবে।

উল্লেখ্য, গত বছর দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল মাত্র ১ শতাংশ। তবে রেকর্ড পরিমাণ চিপ রপ্তানির কারণে চলতি বছর দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে ৩ দশমিক ৫ শতাংশের কাছাকাছি পৌঁছাবে বলে গত মাসে পূর্বাভাস দিয়েছিলেন দেশটির অর্থমন্ত্রী।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: রয়টার্স