বিতর্কিত ধারা বদলের আহ্বান

সাইবার সুরক্ষা সংশোধনী নিয়ে উদ্বেগ

  • প্রস্তাবিত সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার ক্ষুণ্নের আশঙ্কা প্রকাশ করেছেন বক্তারা
  • মতপ্রকাশ-সম্পর্কিত অপরাধ জামিনযোগ্য করা এবং নির্বিচার গ্রেপ্তার বন্ধের দাবি উঠেছে
  • বিতর্কিত ধারা সংশোধনে সরকারের প্রতি ১১ দফা সুপারিশ দিয়েছে এইচআরএসএস

সাইবার সুরক্ষা সংশোধনী নিয়ে উদ্বেগ
১৯ নভেম্বর, ২০২৬ ০০:০০  

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন মানবাধিকারকর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও আইনজীবীরা। তাঁদের মতে, খসড়া সংশোধনীতে থাকা কয়েকটি বিতর্কিত ধারা নির্বিচার গ্রেপ্তার, মামলা ও বিচার-পূর্ব হয়রানির সুযোগ তৈরি করতে পারে। এ পরিস্থিতিতে সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রস্তাবিত আইনের বিতর্কিত ধারাগুলো সংশোধনের আহ্বান জানিয়েছেন তাঁরা।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘মতপ্রকাশের স্বাধীনতা ও সাইবার সুরক্ষা: আইন, বাস্তবতা ও মানবাধিকার’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এ আলোচনার আয়োজন করে।

এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলামের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংস্থাটির প্রোগ্রাম অফিসার মো. সাইফুল ইসলাম। আলোচনায় বক্তব্য দেন গুমসংক্রান্ত তদন্ত কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য মো. নুর খান, দৈনিক ওয়াদার সম্পাদক শফিকুল আলম, সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্লাস্টের উপদেষ্টা ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমেদ, ভয়েস ফর রিফর্মের সহ-সমন্বয়ক ফাহিম মশরুর, ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক জাইমা ইসলাম, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) উপদেষ্টা মাবরুর মোহাম্মদ এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয়ের সহকারী মানবাধিকার কর্মকর্তা সায়মা শ্যাননসহ অনেকে।

অনুষ্ঠানে মতপ্রকাশের কারণে ভুক্তভোগী হওয়ার অভিজ্ঞতা ও ভোগান্তির কথা তুলে ধরেন দুই ব্যক্তি। তাঁদের একজন নারী উদ্যোক্তা সাথী আক্তার। ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে সরকারের সমালোচনা করে ক্ষোভ প্রকাশের পর তাঁকে আটক করা হয়েছিল। অন্যজন কনটেন্ট নির্মাতা এ এম হাসান নাসিম। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী ও চিফ হুইপকে নিয়ে সমালোচনার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় তিনি আসামি।

আলোচনার শুরুতে ‘সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা: বিতর্কিত ধারাগুলো সংশোধনের আহ্বান’ শীর্ষক সুপারিশ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন উপস্থাপন করেন এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম। এ ছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতার পরিস্থিতি নিয়ে বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থাটির মনিটরিং অফিসার আবু সাদাত মোহাম্মদ সায়েম।

নুর খান বলেন, ‘একের পর এক হওয়া ডিজিটাল ও সাইবার আইনের প্রায় এক যুগ পার হচ্ছে। কিন্তু আসল ফলাফল কী আসল?’ তাঁর মতে, সাধারণ নাগরিকের সুরক্ষা নিশ্চিত হচ্ছে না; বরং ক্ষমতাসীন রাজনৈতিক দল বা এর কর্মীদের সুরক্ষার চেষ্টা করা হচ্ছে। যৌক্তিক সমালোচনা করলেও মানুষকে তার খেসারত দিতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘এমনও হয় একজন সাংবাদিক বা সম্পাদক শতাধিক মামলার আসামি হয়ে যায়। তাঁর এক কোর্ট থেকে আরেক কোর্টে দৌড়াতে দৌড়াতে সময় চলে যায়।’

মানহানির বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নুর খান। তাঁর ভাষ্য, ‘মানহানির বিষয়টা নিয়েই আমাদের বেশি সমস্যা। সুতরাং মানহানির বিষয়টাকে গুরুত্ব না দিয়ে হালকা করে দেখলে ভালো হয়। কারণ এতে মানুষের হয়রানি হতে পারে। সামাজিক, মানসিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।’

শফিকুল আলম বলেন, সাইবার সুরক্ষা আইনে কারাদণ্ডের বিধান থাকুক, তা তাঁরা চান না। এ বিষয়ে নাগরিক সমাজ, মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের সম্মিলিতভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সাইবার আইন কার্যকর হওয়ার পর সংশোধনী নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। সাংবাদিকদের কাছ থেকে লিখিত তথ্য ও মতামত নেওয়া হয়েছে। তবে আইনের মূল বিবেচ্য বিষয় হওয়া উচিত মতপ্রকাশের স্বাধীনতার পরিসর কতটুকু—এমনটাই মনে করেন তিনি।

ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী বলেন, কথা বলার সুযোগ এবং তথ্যের অবাধ প্রচার না থাকলে অপতথ্য ছড়ানোর সুযোগ আরও বাড়বে। এ জন্য শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়; প্রাতিষ্ঠানিক পরিবর্তনও প্রয়োজন।

তিনি বলেন, ‘পুনরায় খসড়া আইনে কথা বলার অপরাধগুলোকে আমলযোগ্য ও অজামিনযোগ্য করা হয়েছে। এতে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করা যায়। প্রি-ট্রায়াল হয়রানিটাই এখানে মূল শাস্তিতে পরিণত হচ্ছে।’

গোলটেবিল বৈঠক থেকে এইচআরএসএস সরকারের প্রতি ১১ দফা সুপারিশ ও দাবি তুলে ধরে। সেগুলো হলো—

১. প্রস্তাবিত আইনের সব বিতর্কিত ধারা সংবিধানের ৩৯ অনুচ্ছেদ, আন্তর্জাতিক মানবাধিকার সনদ এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তির (আইসিসিপিআর) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে সংশোধন করতে হবে।

২. সাইবার স্পেসে মানহানির ফৌজদারি বিধান বাদ দিয়ে দেওয়ানি প্রতিকারকে অগ্রাধিকার দিতে হবে। জনস্বার্থে প্রকাশিত সংবাদ, তথ্য ও সমালোচনার সুরক্ষা নিশ্চিত করতে হবে।

৩. গুজব ও অপতথ্যসংক্রান্ত অপরাধের সংজ্ঞা সুনির্দিষ্ট করতে হবে। শুধু ভুল তথ্য প্রকাশের কারণে কাউকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করার সুযোগ রাখা যাবে না।

৪. রাজনৈতিক ব্যঙ্গ, কার্টুন, মতামত, সরকারের সমালোচনা, অনুসন্ধানী সাংবাদিকতা ও শান্তিপূর্ণ ভিন্নমত প্রকাশকে আইনের অপব্যবহার থেকে সুরক্ষা দিতে হবে।

৫. অনলাইন কনটেন্ট ব্লক বা অপসারণের ক্ষেত্রে স্বাধীন বিচারিক অনুমোদন, স্বচ্ছতা, লিখিত কারণ দর্শানো এবং দ্রুত আপিলের সুযোগ নিশ্চিত করতে হবে।

৬. মতপ্রকাশ-সম্পর্কিত অপরাধগুলো জামিনযোগ্য করতে হবে। নির্বিচার গ্রেপ্তার ও হয়রানিমূলক মামলা প্রতিরোধে কার্যকর আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।

৭. তল্লাশি, ডিজিটাল ডিভাইস জব্দ ও গ্রেপ্তারের ক্ষেত্রে আদালতের যথাযথ তদারকি, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক করতে হবে।

৮. নিবন্ধিত সংবাদমাধ্যমের পাশাপাশি সাংবাদিক, মানবাধিকারকর্মী, গবেষক, অনলাইন কনটেন্ট নির্মাতা ও সাধারণ নাগরিকের জন্য সমানভাবে মতপ্রকাশের অধিকার ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।

৯. জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলকে স্বাধীন, বহুপক্ষীয় ও দলনিরপেক্ষ করতে হবে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে কাউন্সিলে ফিরিয়ে আনতে হবে এবং বেসরকারি বিশেষজ্ঞদের স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন করতে হবে।

১০. ধারা ৫২-এর দায়মুক্তির বিধানের পাশাপাশি বেআইনি গ্রেপ্তার, অন্যায়ভাবে কনটেন্ট ব্লক বা ক্ষমতার অপব্যবহারের শিকার নাগরিকদের জন্য ক্ষতিপূরণ ও কার্যকর প্রতিকারের ব্যবস্থা রাখতে হবে।

১১. প্রস্তাবিত আইন চূড়ান্ত করার আগে মানবাধিকার সংগঠন, সাংবাদিক সংগঠন, আইন বিশেষজ্ঞ, প্রযুক্তিবিদ, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে অর্থবহ আলোচনা আয়োজন করতে হবে।

//ডিবিটেক/এসসিএন/এসএমই/এফওপিটিই//