পরীক্ষা গ্রহণের আইনগত ভিত্তি

চুয়েটে পরীক্ষা: আইনে কী বলা আছে?

  • ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে চুয়েটে পরীক্ষা শুরু
  • শিক্ষার্থীদের আবেদনে বিভাগীয় প্রধানদের পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • স্থগিত পরীক্ষা নিতে প্রয়োজন একাডেমিক কাউন্সিলের অনুমোদন 

চুয়েটে পরীক্ষা: আইনে কী বলা আছে?
১৮ নভেম্বর, ২০২৬ ০০:০৭  

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে শুধু বিভাগীয় সিদ্ধান্তই যথেষ্ট নয়; এর সঙ্গে যুক্ত রয়েছে একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট ও বিশ্ববিদ্যালয় আইনে নির্ধারিত অনুমোদন প্রক্রিয়া। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে ক্লাস-পরীক্ষা শুরু হলেও স্থগিত পরীক্ষাগুলো গ্রহণের আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিভাগের পরীক্ষা শুরু হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩ এবং একাডেমিক অর্ডিন্যান্স অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে পরীক্ষা শুরু

গত ২৮ অক্টোবর, বুধবার থেকে ধাপে ধাপে বিভিন্ন বর্ষের একাডেমিক কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে বিভিন্ন বিভাগের স্থগিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।

গত ১৫ নভেম্বর, রবিবার চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার মধ্য দিয়ে চুয়েটে পুনরায় পরীক্ষা কার্যক্রম শুরু হয়। এরপর পর্যায়ক্রমে ১৬ নভেম্বর, সোমবার এবং ১৭ নভেম্বর, মঙ্গলবার অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে।

তবে পরীক্ষা কার্যক্রম চলমান থাকলেও এসব পরীক্ষা গ্রহণের প্রক্রিয়া ও আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয় আইনের ৪৩ ধারায় যা বলা আছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ৪৩ ধারায় পরীক্ষা পদ্ধতি নির্ধারণ, পরীক্ষা পরিচালনা এবং পরীক্ষা কমিটি গঠনের বিষয়ে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের ক্ষমতা নির্ধারণ করা হয়েছে।

আইনের ৪৩ ধারায় বলা হয়েছে,

“(১) এই আইন এবং সংবিধির বিধান সাপেক্ষে, একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে, সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর ও অন্যান্য পাঠ্যক্রমের পরীক্ষা পদ্ধতি নির্ধারণ করিবে।

(২) ভাইস-চ্যান্সেলরের সাধারণ নিয়ন্ত্রণাধীন পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা পরিচালনার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করিবেন।

(৩) একাডেমিক কাউন্সিল পরীক্ষা কমিটিসমূহ নিয়োগ করিবে এবং উহাদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী বিশ্ববিদ্যালয় বিধান দ্বারা নির্ধারিত হইবে।

(৪) কোন পরীক্ষার ব্যাপারে কোন পরীক্ষক কোন কারণে দায়িত্ব পালনে অসমর্থ হইলে ভাইস-চ্যান্সেলর তাহার স্থলে অন্য একজন পরীক্ষককে নিয়োগ করিবেন।”

একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের ক্ষমতা

এ ছাড়া আইনের ২০ ধারার ২(ঞ) উপধারা অনুযায়ী, একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে।

একই আইনের ২১ ধারার ১ উপধারায় একাডেমিক কাউন্সিলের গঠনসংক্রান্ত বিধানে উপাচার্যকে এই কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়েছে।

ফলে স্থগিত পরীক্ষা পুনরায় গ্রহণের ক্ষেত্রে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের ভূমিকা এবং প্রয়োজনীয় অনুমোদন নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে।

উপাচার্যের অনুপস্থিতিতে সিদ্ধান্তের প্রশ্ন

এদিকে শিক্ষার্থীদের বিরোধিতার মুখে ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন না বর্তমান উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ফলে উপাচার্যের অনুপস্থিতিতে একাডেমিক কাউন্সিলের আওতাভুক্ত বিষয়গুলো কীভাবে নিষ্পত্তি হবে, তা নিয়ে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রকের বক্তব্য

এ বিষয়ে জানতে চাইলে চুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. মঈনুল ইসলাম জানান,

"একাডেমিক অর্ডিন্যান্সের বিধান অনুযায়ী, পরীক্ষা কমিটির সভাপতি হিসেবে সংশ্লিষ্ট বিভাগের প্রধানেরা পরীক্ষার রুটিন প্রকাশ করেন। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিভাগীয় প্রধানেরা নিজ নিজ বিভাগের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছেন। এ ক্ষেত্রে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের দায়িত্ব হলো প্রকাশিত রুটিন অনুযায়ী পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা। সে অনুযায়ী দপ্তর থেকে বিভিন্ন বিভাগে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়েছে।"

তিনি আরও জানান,

"একাডেমিক অর্ডিন্যান্স অনুযায়ী, স্থগিত পরীক্ষা পুনরায় গ্রহণের ক্ষেত্রে একাডেমিক কাউন্সিলের অনুমোদন প্রয়োজন। এ বিষয়ে একাডেমিক কাউন্সিলের সভায় গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত। চুয়েটের একাডেমিক কাউন্সিলের বর্তমান সদস্যসংখ্যা প্রায় ১৩০ জন, যাঁদের মধ্যে ১২৪ জন অভ্যন্তরীণ শিক্ষক। বর্তমানে অনুষ্ঠিত পরীক্ষাগুলো শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং শিক্ষকদের সম্মতিতে নেওয়া হচ্ছে। আশা করা যায়, একাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষকেরা পরীক্ষা গ্রহণের যৌক্তিকতার পক্ষেই মতামত দেবেন। সে ক্ষেত্রে কাউন্সিলের সভায় গৃহীত সিদ্ধান্ত এসব পরীক্ষার আইনগত ভিত্তি প্রদান করবে।"

অনুমোদন প্রক্রিয়াই মূল বিবেচ্য

চুয়েটে বর্তমানে পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে বিভাগীয় পর্যায়ে শিক্ষার্থীদের আবেদন ও শিক্ষকদের সম্মতির ভিত্তিতে কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক। তবে তাঁর বক্তব্য অনুযায়ী, স্থগিত পরীক্ষা পুনরায় গ্রহণের বিষয়ে একাডেমিক কাউন্সিলের অনুমোদন প্রয়োজন।

এ কারণে চলমান পরীক্ষাগুলোর আইনগত ভিত্তি নির্ধারণে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কাউন্সিলের সভায় কী সিদ্ধান্ত আসে, তার ওপরই পরীক্ষাগুলোর অনুমোদনসংক্রান্ত প্রশ্নের চূড়ান্ত নিষ্পত্তি নির্ভর করছে।

//ডিবিটেক/মো: রাকিব হাসান/এসসিডিই/এফওইডি//