দুটি  বড় সাইবার হামলার কবলে এফবিআই ও ইউএসডিএ

দুটি  বড় সাইবার হামলার কবলে এফবিআই ও ইউএসডিএ
২২ নভেম্বর, ২০২৬ ০৯:৪৩  

পরপর দুটি বড় সাইবার হামলার কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) এবং কৃষি বিভাগ (ইউএসডিএ)। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হ্যাকাররা সংস্থা দুটির অত্যন্ত সংবেদনশীল তথ্যভান্ডারে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে এবং ইউএসডিএ-র পেমেন্ট সিস্টেম ও এফবিআইয়ের অপরাধসংক্রান্ত ডেটাবেসে প্রবেশ করতে সক্ষম হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। 

শনিবার (২১ নভেম্বর) এক টেলিভিশন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এফবিআইয়ের ডেটাবেস হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করে একে ‘মোটেও ভালো খবর নয়’ বলে মন্তব্য করেছেন। 

এফবিআইয়ের ‘এনসিআইসি’ ডেটাবেসে অনুপ্রবেশ
সিএনএন ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, হ্যাকাররা এফবিআইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টার’ (এনসিআইসি) ডেটাবেসকে লক্ষ্যবস্তু বানিয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয়, অঙ্গরাজ্য এবং কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো গ্রেপ্তারি পরোয়ানা, পলাতক আসামি, নিখোঁজ ব্যক্তি এবং অপরাধীদের অতীত ইতিহাস যাচাইয়ের জন্য এই ডেটাবেসটি ব্যবহার করে। 

তবে এই অনুপ্রবেশের ব্যাপ্তি কতটুকু বা কী পরিমাণ তথ্য বেহাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর আগে গত সেপ্টেম্বরেও ‘শাইনিহান্টার্স’ নামের একটি হ্যাকার গোষ্ঠী এফবিআইয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে হামলা চালিয়ে কর্মী ও চাকরিপ্রার্থীদের ২ থেকে ৩ টেরাবাইট সংবেদনশীল ব্যক্তিগত তথ্য (নাম, ঠিকানা, ফোন নম্বর ও সোশ্যাল সিকিউরিটি নম্বর) হাতিয়ে নেওয়ার দাবি করেছিল।

কৃষি বিভাগের পেমেন্ট সিস্টেম অচল ও নিরাপত্তা শঙ্কা
অন্যদিকে, এনবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, সাইবার নিরাপত্তা সংক্রান্ত ঘটনার জেরে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) বেশ কয়েকটি সিস্টেম অফলাইন বা অচল হয়ে পড়ে। এই হামলায় মূলত কৃষকদের অর্থ পরিশোধের (পেমেন্ট) ডেটাবেসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ইউএসডিএ কর্তৃপক্ষ কর্মীদের সতর্ক করে জানিয়েছে, পেমেন্ট সিস্টেমে প্রবেশ করলে আরও সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি রয়েছে। সাবেক কর্মকর্তাদের আশঙ্কা, হ্যাকাররা এই পেমেন্ট সিস্টেমকে ‘ব্যাকডোর’ বা গোপন পথ হিসেবে ব্যবহার করে কৃষি বিভাগের জৈবিক ও খাদ্যনিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর তথ্যে প্রবেশ করতে পারে।

হোয়াইট হাউসের সাইবার প্রধান বরখাস্ত ও সাম্প্রতিক অস্থিরতা
যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি অবকাঠামোতে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়ের মধ্যেই এই দুই সাইবার হামলার খবর সামনে এলো। চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অভ্যন্তরীণ নেটওয়ার্ক কয়েক দিন ধরে অচল ছিল এবং গত সপ্তাহে প্রযুক্তিগত ত্রুটির কারণে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশজুড়ে উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছিল।

একের পর এক প্রযুক্তিগত বিভ্রাট ও সাইবার নিরাপত্তা নিয়ে সমালোচনার মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসের জাতীয় সাইবার পরিচালক শন কেয়ার্নক্রসকে বরখাস্ত করেছেন এবং তার স্থলে প্রতিরক্ষা বিভাগের প্রধান তথ্য কর্মকর্তা কার্স্টেন ডেভিসকে মনোনীত করেছেন।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: এনগ্যাজেট