গ্রিডে রূপপুরের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের বার্তা

রূপপুরে জ্বালানি আমদানিনির্ভরতা কমাবে: রোসাটম

  • রূপপুরের বিদ্যুৎ জ্বালানি আমদানিনির্ভরতা কমাবে
  • রোসাটম মহাপরিচালকের গুরুত্বপূর্ণ মন্তব্য প্রকাশ
  • দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে

রূপপুরে জ্বালানি আমদানিনির্ভরতা কমাবে: রোসাটম
১৮ নভেম্বর, ২০২৬ ১৭:০০  

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এই অর্জনকে বাংলাদেশের জ্বালানি খাতের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম। সংস্থাটির মতে, পারমাণবিক বিদ্যুৎ দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আমদানিনির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোসাটমের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়েছে এবং উৎপাদিত প্রথম মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে প্রবেশ করেছে।

এ সময় রিয়্যাক্টরটি তার নির্ধারিত ক্ষমতার ৪০ শতাংশে পৌঁছেছে এবং জেনারেটরের উৎপাদন ৩৭০ মেগাওয়াটে উন্নীত হয়েছে। রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ বলেন, এর ফলে বাংলাদেশ একটি নির্ভরযোগ্য, স্থিতিশীল ও পরিবেশবান্ধব জ্বালানির উৎস পাবে এবং হাইড্রোকার্বন আমদানির ওপর জাতীয় জ্বালানি খাতের নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। রূপপুরের একটি ইউনিট চালু হলে বছরে ১০০ কোটি ডলারের জ্বালানি আমদানি সাশ্রয় করা সম্ভব হবে।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং রাশিয়ার অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট এটি নির্মাণ করছে।

দুই দফায় মেয়াদ বাড়িয়ে প্রকল্পের মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে এবং সব মিলিয়ে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম মনে করেন, দেশের বিদ্যুৎ সঞ্চালন গ্রিড এখনো স্মার্ট না হওয়ায় সনাতনী পদ্ধতিতে চাহিদা ও সরবরাহ ব্যবস্থাপনার ক্ষেত্রে গ্রিড বিপর্যয়ের ঝুঁকি এড়াতে সতর্কতার সঙ্গে কাজ পরিচালনা করতে হবে।

//ডিবিটেক/আইএইচ/আরকেএস/এসএমপি//