আধুনিক প্রযুক্তিতে নতুন সম্ভাবনা

ইন্টেরিয়র ও ফার্নিচার শিল্পে প্রযুক্তির নতুন দিগন্ত

  • নয় দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে
  • প্রায় ২০০ স্টলে ৭০টির বেশি ব্র্যান্ডের পণ্য প্রদর্শিত হচ্ছে
  • ফার্নিচার ডিজাইনে প্রতিযোগিতা, পুরস্কার এক লাখ টাকা

ইন্টেরিয়র ও ফার্নিচার শিল্পে প্রযুক্তির নতুন দিগন্ত
১৯ নভেম্বর, ২০২৬ ১৭:১২  

দেশের ইন্টেরিয়র ডিজাইন, ফার্নিচার উৎপাদন এবং সাইনেজ প্রযুক্তি খাতের আধুনিকায়নে আন্তর্জাতিক প্রযুক্তি ও উৎপাদন সরঞ্জাম নিয়ে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। এসব আয়োজনে আধুনিক কিচেন ক্যাবিনেট, মডুলার ফার্নিচার, কাঠ ও ধাতু প্রক্রিয়াজাতকরণ যন্ত্র, কম্পিউটারনিয়ন্ত্রিত উৎপাদন প্রযুক্তি (সিএনসি) এবং হোম অটোমেশনসহ বিভিন্ন উদ্ভাবনী পণ্য ও সেবা তুলে ধরা হচ্ছে। সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তা, উৎপাদনকারী, স্থপতি ও প্রকৌশলীদের জন্য এসব প্রদর্শনী নতুন প্রযুক্তি, ব্যবসায়িক যোগাযোগ এবং বিনিয়োগের সম্ভাবনা তৈরি করবে বলে আশা করছেন আয়োজকেরা।

১৯ নভেম্বর, বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো ভিলেজে একযোগে শুরু হয়েছে ‘মাই কিচেন প্রেজেন্টস থার্ড ইনটেক এক্সপো ২০২৬’, ‘ডব্লিউটিএস প্রেজেন্টস থার্ড ফার্নিটেক এক্সপো ২০২৬’ এবং ‘সেকেন্ড সাইনেজ টেকনোলজি এক্সপো ২০২৬’। আগামী শনিবার, ২১ নভেম্বর পর্যন্ত চলবে প্রদর্শনীগুলো।

এফ টাচ ইভেন্টস লিমিটেডের আয়োজনে তিনটি প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রায় ২০০টি স্টলে ৭০টির বেশি দেশি-বিদেশি ব্র্যান্ডের আধুনিক পণ্য, যন্ত্রপাতি, প্রযুক্তি ও সেবা প্রদর্শন করা হচ্ছে।

দেশি-বিদেশি উৎপাদনকারী, সরবরাহকারী, আমদানিকারক, উদ্যোক্তা, স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, প্রকৌশলী ও শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীদের পাশাপাশি সাধারণ দর্শনার্থীরাও প্রদর্শনীগুলো ঘুরে দেখতে পারবেন।

প্রদর্শনীগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক স্থপতি অধ্যাপক ড. এম মাসুদ উর রশিদ এবং আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসিম উদ্দিন।

আধুনিক কিচেন ও ফার্নিচার প্রযুক্তির প্রদর্শন

প্রদর্শনীর অন্যতম আকর্ষণ আধুনিক কিচেন ক্যাবিনেট, ওয়ারড্রোব, উন্নত মানের কাউন্টারটপ, কিচেন ফিটিংস, গৃহস্থালি যন্ত্রপাতি, ফার্নিচার, দরজা, আলোকসজ্জা, পর্দা ও হোম অটোমেশন প্রযুক্তি।

এ ছাড়া ফার্নিচার উৎপাদনের আধুনিক যন্ত্রপাতি, পাওয়ার টুলস, কাঠ ও ধাতু প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি এবং ইন্টেরিয়র ডিজাইনে ব্যবহৃত বিভিন্ন সফটওয়্যার প্রদর্শন করা হচ্ছে।

একই ছাদের নিচে এসব পণ্য ও প্রযুক্তি দেখার সুযোগ পাচ্ছেন স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, ফার্নিচার প্রস্তুতকারক, আমদানিকারক, সরবরাহকারী ও সাধারণ দর্শনার্থীরা। বিশেষ করে ফার্নিচার, দরজা ও কিচেন ক্যাবিনেট প্রস্তুতকারীদের জন্য উৎপাদনে ব্যবহৃত আধুনিক সরঞ্জাম, টুলস ও যন্ত্রপাতি সম্পর্কে জানার সুযোগ থাকছে।

অন্যদিকে, সাইনেজ প্রযুক্তির বিভিন্ন যন্ত্র ও প্রয়োজনীয় পণ্য নিয়ে অংশ নিয়েছে চীন ও বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান।

ফার্নিচার ডিজাইনে এক লাখ টাকার পুরস্কার

তৃতীয় ফার্নিটেক এক্সপো ২০২৬-এর প্রধান পৃষ্ঠপোষক উড টেক সল্যুশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নঈমুল হোসেন খান বলেন, উডওয়ার্কিং ও ফার্নিচার খাতের জন্য এ প্রদর্শনী একটি গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হবে।

তিনি জানান, আগের আয়োজনগুলোর ধারাবাহিকতায় এবারও উদ্যোক্তা, ফার্নিচার প্রস্তুতকারক, স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, পেশাজীবী ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।

ফার্নিচার খাতে সিএনসি ও ডিজাইন নিয়ে কাজ করা ব্যক্তিদের উৎসাহিত করা এবং ভালো কাজের স্বীকৃতি দিতে বিশেষ ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিনটি ক্যাটাগরিতে এ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার হিসেবে দেওয়া হবে যথাক্রমে এক লাখ, ৭৫ হাজার ও ৫০ হাজার টাকা।

আগামী ২১ নভেম্বর প্রদর্শনীর শেষ দিনে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

মডুলার কিচেন ও আন্তর্জাতিক মানের উপকরণ

তৃতীয় ইনটেক এক্সপো ২০২৬-এর প্রধান পৃষ্ঠপোষক মাই কিচেন তাদের প্রদর্শনীতে আধুনিক মডুলার কিচেন ক্যাবিনেট, ওয়ারড্রোব, উন্নত মানের কাউন্টারটপ, সিন্টারড স্টোন, আন্তর্জাতিক মানের কিচেন ফিটিংস, গৃহস্থালি যন্ত্রপাতি ও সংরক্ষণব্যবস্থা তুলে ধরছে।

মাই কিচেনের প্রধান নির্বাহী কর্মকর্তা শওকত ইমরান খান বলেন, বাংলাদেশের কিচেন ক্যাবিনেট ও বিল্ট-ইন ফার্নিচার শিল্পে ব্যাপক সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের কাঁচামাল, দক্ষ জনবল ও নিজস্ব উৎপাদন সক্ষমতার সমন্বয়ে এ শিল্পকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। শুধু মানসম্মত পণ্য উৎপাদন নয়, বাংলাদেশের কিচেন ক্যাবিনেট শিল্পকে আন্তর্জাতিক মান ও পরিচিতিতে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

চীনা প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজন

আয়োজক প্রতিষ্ঠান এফ টাচ ইভেন্টস লিমিটেডের পরিচালক শেখ ফিরোজ আহমেদ বলেন, এ বছর প্রথমবারের মতো সহযোগী আয়োজক হিসেবে যুক্ত হয়েছে চীনের ‘সিজি গুয়াংজু ফেয়ার’ এবং ‘চায়না উড ইন্ডাস্ট্রি প্রোডাকশন অ্যাসোসিয়েশন’।

আয়োজকদের প্রত্যাশা, এ প্রদর্শনীগুলো ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তি খাতের সংশ্লিষ্টদের মধ্যে যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণে ভূমিকা রাখবে। পাশাপাশি নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করবে।

প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনীগুলো। দর্শনার্থীদের জন্য প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। এ ছাড়া প্রদর্শনীতে থাকছে আকর্ষণীয় ছাড় ও বিশেষ অফার।
//ডিবিটেক/বিএনআর/ডিআরই/এফওইডি//