মার্কিন স্কুলগুলোর সঙ্গে ৩০০ কোটি ডলারের সমঝোতার পথে ইউটিউব

মার্কিন স্কুলগুলোর সঙ্গে ৩০০ কোটি ডলারের সমঝোতার পথে ইউটিউব
২১ নভেম্বর, ২০২৬ ২০:১৭  

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে এমন আসক্তিকর প্ল্যাটফর্ম তৈরির অভিযোগে দায়ের করা মামলাগুলো নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রের হাজার হাজার স্কুল ডিস্ট্রিক্টের সঙ্গে প্রায় ৩০০ কোটি মার্কিন ডলারের (৩ বিলিয়ন ডলার) একটি নীতিগত সমঝোতায় পৌঁছেছে ইউটিউব। শুক্রবার (২০ নভেম্বর) ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, এই সমঝোতা চুক্তির আওতায় অর্থ পরিশোধের পাশাপাশি কিশোর-কিশোরীদের সুরক্ষায় প্ল্যাটফর্মটিতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করার শর্ত রয়েছে। অধিকাংশ স্কুল ডিস্ট্রিক্ট এই প্রস্তাবে স্বাক্ষর করলে চুক্তিটি চূড়ান্ত হতে কয়েক মাস সময় লাগতে পারে এবং ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক ইভন গঞ্জালেজ রজার্সের অনুমোদন সাপেক্ষে এটি কার্যকর হবে। 

এটি কার্যকর হলে মার্কিন স্কুল ডিস্ট্রিক্টগুলোর সঙ্গে কোনো প্রতিষ্ঠানের এটিই হবে ইতিহাসের বৃহত্তম আইনি সমঝোতা। 

অভিযোগের পটভূমি ও শ্রেণিকক্ষে ইউটিউবের প্রভাব
নিউইয়র্ক সিটি ও লস অ্যাঞ্জেলেসসহ যুক্তরাষ্ট্রের ছোট-বড় হাজার হাজার স্কুল ডিস্ট্রিক্ট ইউটিউবের পাশাপাশি মেটা, স্ন্যাপচ্যাট এবং টিকটকের বিরুদ্ধেও মামলা দায়ের করেছে। স্কুলগুলোর অভিযোগ, তরুণ ব্যবহারকারীদের প্ল্যাটফর্মে আটকে রাখতে রেকমেন্ডেশন অ্যালগরিদম, অটোপ্লে এবং ইনফিনিট স্ক্রলের মতো ফিচারগুলো ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে বিষণ্নতা, উদ্বেগ এবং খাদ্যাভ্যাসজনিত মানসিক সমস্যা বাড়ছে। 

অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের তুলনায় ইউটিউব যুক্তরাষ্ট্রের শ্রেণিকক্ষগুলোতে শিক্ষামূলক কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে গত সেপ্টেম্বরে টমাস বি. ফোর্ডহ্যাম ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে, দুই হাজারের বেশি হাইস্কুল শিক্ষার্থীর মধ্যে ৩০ শতাংশের বেশি শিক্ষার্থী স্কুল চলাকালীন শিক্ষকের নির্দেশিত পড়াশোনার বদলে বিনোদনের উদ্দেশ্যে ইউটিউব ব্যবহার করে। 

স্কুল কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণ এবং মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য বাড়তি কর্মী নিয়োগে তাদের বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে। 

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর বাড়তি আইনি চাপ
ইউটিউবের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। এর আগে গত মে মাসে কেনটাকির একটি স্কুল ডিস্ট্রিক্টের সঙ্গে প্রায় ২০ লাখ ডলারের সমঝোতা করেছিল ইউটিউব। 

অন্যদিকে, গত আগস্টে শিশুদের আসক্ত করার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রায় সবগুলো অঙ্গরাজ্যের সঙ্গে আগামী এক দশকে ১ হাজার ৮০০ কোটি ডলার পর্যন্ত পরিশোধ এবং কিশোর-কিশোরীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে কঠোর সীমাবদ্ধতা আরোপের চুক্তি করে মেটা।

আগামী বছরের ফেব্রুয়ারিতে অ্যারিজোনার টাকসন স্কুল ডিস্ট্রিক্টের দায়ের করা পরবর্তী ফেডারেল মামলার বিচারকাজ শুরু হওয়ার কথা রয়েছে, যেখানে মেটা, টিকটক এবং স্ন্যাপচ্যাট এখনো বিবাদী হিসেবে রয়েছে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: রয়টার্স