২০০ কোটি ডলারে গেমিং ইউনিট বিক্রি করছে আলিবাবা
চীনা ই-কমার্স ও প্রযুক্তি জায়ান্ট আলিবাবা তাদের ভিডিও গেম ডেভেলপমেন্ট ইউনিট ‘লিংশি গেমস’ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এশিয়াকেন্দ্রিক প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান ট্রাস্টার ক্যাপিটালের কাছে এই শেয়ার হস্তান্তরের মাধ্যমে ২০০ কোটি বা দুই বিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় হতে পারে বলে জানা গেছে।
ইতোমধ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে, যেখানে লিংশি গেমসের শতভাগ শেয়ারই হস্তান্তরিত হবে। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
লিংশি গেমসের কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ স্মারকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা চৌ বিংশু জানান, মালিকানা হস্তান্তর হলেও তাঁর নেতৃত্বাধীন বিদ্যমান ব্যবস্থাপনা দলই গেম স্টুডিওটি পরিচালনা করে যাবে। যদিও হস্তান্তরের পূর্ণাঙ্গ আর্থিক পরিমাণ কিংবা প্রক্রিয়াটি কবে নাগাদ শেষ হবে, সে বিষয়ে স্মারকে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের পৃথক এক প্রতিবেদনে এই চুক্তির মূল্য অন্তত ১৫০ কোটি ডলার বলে উল্লেখ করা হয়েছে।
এআই ও ক্লাউড প্রযুক্তিতে মনোযোগ
মূল ব্যবসা জোরদার করার অংশ হিসেবে আলিবাবা সম্প্রতি তাদের মূল ধারার বাইরের সম্পদ বা প্রতিষ্ঠানগুলো বিক্রি করে দিচ্ছে। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং ক্লাউড কম্পিউটিংয়ের মতো উদীয়মান খাতে বিনিয়োগ ও মনোযোগ বাড়ানো।
এর আগে তারা হাইপারমার্কেট নেটওয়ার্ক ‘সান আর্ট’ এবং ডিপার্টমেন্টাল স্টোর ‘ইনটাইম’-এর মালিকানা বিক্রি করে দিয়েছিল। সেই কৌশলের অংশ হিসেবেই এবার গেমিং শাখা বিক্রি করার পদক্ষেপ নিল আলিবাবা।
লিংশি গেমসের নতুন যাত্রা
চীনের গুয়াংঝুভিত্তিক প্রতিষ্ঠান লিংশি গেমস মূলত তাদের কৌশলভিত্তিক খেলা ‘থ্রি কিংডমস: স্ট্র্যাটেজি এডিশন’-এর জন্য বিশ্বজুড়ে সমাদৃত। জাপানের বিখ্যাত গেম নির্মাতা প্রতিষ্ঠান কোই টেকমোর সহযোগিতায় এই গেমটি তৈরি করা হয়েছিল।
চীনা সরকারের গেমিং খাতের ওপর কড়াকড়ির কারণে এর আগে ২০২৩ সালে প্রতিষ্ঠানটির অর্থ সংগ্রহের পরিকল্পনা থমকে গেলেও বর্তমানে গেমিং বাজার আবার ঘুরে দাঁড়াচ্ছে। ট্রাস্টার ক্যাপিটাল যুক্ত হওয়ায় গেম স্টুডিওটি নতুনভাবে তাদের ব্যবসায়িক প্রসার ঘটাতে পারবে বলে আশা করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





