নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীনা কোম্পানির সাথে ট্রাম্পের প্রতিষ্ঠানের ব্যবসা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিগত অবস্থানের বিপরীত হেঁটে তাঁরই প্রত্যক্ষ সুবিধাভোগী প্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়াল’ চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রসারে ভূমিকা রাখছে বলে অভিযোগ উঠেছে। মার্কিন সরকার কর্তৃক জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত একাধিক চীনা প্রতিষ্ঠানের তৈরি এআই মডেল ব্যবহারের সুযোগ দেওয়া হংকংভিত্তিক প্ল্যাটফর্ম ‘ওয়ার্ল্ডক্ল’-এর সঙ্গে অংশীদারত্বে কাজ করছে ট্রাম্প সমর্থিত এই ক্রিপ্টো প্রতিষ্ঠানটি।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানে এই তথ্য সামনে এসেছে।
চীনা মডেল ও ট্রাম্প পরিবারের আর্থিক লাভ
চলতি বছরে প্রতিষ্ঠিত ‘ওয়ার্ল্ডক্ল’ প্ল্যাটফর্মে গ্রাহকদের জন্য মোট ৯০টি এআই মডেল ব্যবহারের সুযোগ রয়েছে। রয়টার্সের অনুসন্ধানে দেখা গেছে, এর মধ্যে ৪৩টি মডেলই তৈরি করেছে আলিবাবা, বাইদু এবং জেড.এআই-এর মতো চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। মার্কিন প্রতিরক্ষা ও বাণিজ্য মন্ত্রণালয়ের মতে, এসব প্রতিষ্ঠানের সঙ্গে চীনা সামরিক বাহিনীর সম্পৃক্ততা রয়েছে অথবা তারা মার্কিন প্রযুক্তি চুরির সঙ্গে জড়িত।
অথচ এই প্ল্যাটফর্মে এআই ব্যবহারের ফি পরিশোধের মাধ্যম হিসেবে গ্রহণ করা হয় ট্রাম্পের প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টির ক্রিপ্টো মুদ্রা ‘ইউএসডি১’। ট্রাম্প পরিবারের কাছে ওয়ার্ল্ড লিবার্টির ৩৮ শতাংশ মালিকানা থাকায় প্রতিটি লেনদেন থেকে অর্জিত মুনাফার একটি অংশ সরাসরি ট্রাম্প পরিবারের তহবিলে যুক্ত হচ্ছে। ইতোমধ্যে প্রেসিডেন্টের দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এই যৌথ সেবার প্রচারও চালিয়েছেন।
আইনি বৈধতা ও নীতিগত বিরোধ
যুক্তরাষ্ট্রের সাধারণ ব্যবহারকারীদের জন্য এসব চীনা এআই মডেল ব্যবহারে সরাসরি আইনি কোনো বাধা নেই। তবে প্রযুক্তি ও রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্প প্রশাসন যখন চীনা প্রযুক্তির বিস্তার ঠেকাতে কঠোর অবস্থান নিচ্ছে, তখন ট্রাম্পেরই মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে এসব চীনা প্রযুক্তি ব্যবহার করে অর্থ উপার্জন করা নীতিগতভাবে দ্বিমুখী আচরণ।
তবে হোয়াইট হাউস এবং ওয়ার্ল্ড লিবার্টির মুখপাত্ররা কোনো ধরনের স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছেন।
তাঁদের দাবি, বৈশ্বিক বাজারে প্রযুক্তিগত এই লেনদেন অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা এবং এতে মার্কিন নীতি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





