সহ-উপাচার্য সাজেদুল করিমের নেতৃত্বে ৬ সদস্যের কমিটি গঠন; দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

শাবিপ্রবিতে রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতা ও আন্দোলন দমনে যুক্ত শিক্ষকদের খুঁজতে তদন্ত কমিটি গঠন

  • শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে জড়িত শিক্ষকদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন।
  • সহ-উপাচার্য সাজেদুল করিমকে আহ্বায়ক ও রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আব্দুল কাদিরকে সদস্যসচিব করে ৬ সদস্যের কমিটি অনুমোদন।
  • নিষিদ্ধ সংগঠনের সাথে সম্পৃক্ততা ও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সরকারবিরোধী চক্রান্তে ৪-শরও বেশি শিক্ষকের

শাবিপ্রবিতে রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতা ও আন্দোলন দমনে যুক্ত শিক্ষকদের খুঁজতে তদন্ত কমিটি গঠন
৯ আগষ্ট, ২০২৬ ১৯:৩৯  

৯ আগস্ট, রবিবার: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপ এবং জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে জড়িত শিক্ষকদের চিহ্নিত করতে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ রবিবার (৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে কমিটি গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিমকে আহ্বায়ক এবং রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আব্দুল কাদিরকে সদস্যসচিব করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— কোষাধ্যক্ষ অধ্যাপক ইসমাইল হোসেন, গণিত বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ উদ্দিন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল ফজল মোহাম্মদ জাকারিয়া এবং বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা মোহাম্মদ তাজ উদ্দিন। কমিটিকে সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রকাশিত অফিস আদেশে জানানো হয়, সম্প্রতি গণমাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার বিষয়ে তথ্য প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে শাবিপ্রবির কোনো শিক্ষক সংশ্লিষ্টতায় জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়, রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত শিক্ষকদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে হবে। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শাবিপ্রবির কোনো শিক্ষক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছিলেন কি না কিংবা শিক্ষার্থীদের হুমকিধামকি দিয়েছিলেন কি না, তা সুনির্দিষ্টভাবে অনুসন্ধান করতে বলা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম 'টেলিগ্রাম'-এ গোপন গ্রুপ খুলে রাষ্ট্র ও সরকারবিরোধী তৎপরতা চালানোর অভিযোগ সংবাদমাধ্যমে উঠে আসে। শাবিপ্রবির আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়েও একই ধরনের অভিযোগ অনুসন্ধানে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

//ডিবিটেক/ ডিআরএন/ এসএমইউ//