দুই দিনব্যাপী প্রযুক্তি উৎসবে দেশসেরা ২০টি দল পুরস্কৃত
সিএসই কার্নিভালে বুয়েটের ‘সিলভার হকস’ ও শাবিপ্রবির ‘জিএনজি’ চ্যাম্পিয়ন
- আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিংয়ে শীর্ষস্থান অর্জন করল বুয়েট।
- হ্যাকাথনে দেশীয় প্রযুক্তিভিত্তিক সমাধানে সেরা শাবিপ্রবি।
- দক্ষ মানবসম্পদ গড়তে বিকাশ ও শাবিপ্রবির যৌথ আয়োজন
সিএসই কার্নিভাল ২০২৬-এর আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ‘সিলভার হকস’ টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। একই প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছে যথাক্রমে বুয়েটের ‘সুপারনোভা’ এবং রুয়েটের ‘জ্যোতি চাষী’ টিম। অন্যদিকে, বাস্তবসম্মত প্রযুক্তিভিত্তিক সমাধান উপস্থাপনের হ্যাকাথন প্রতিযোগিতায় সেরা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) টিম ‘জিএনজি’। এই হ্যাকাথনে দ্বিতীয় হয়েছে বুয়েটের ‘নেক্সাস’ এবং তৃতীয় স্থান অধিকার করেছে তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘আরেকটা টিম’।
দুই দিনব্যাপী এই আয়োজনের সমাপনী দিনে গত ১২ জুলাই, রবিবার বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দেশের প্রযুক্তি খাতে আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে এবং মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ-এর সহযোগিতায় এই কার্নিভাল অনুষ্ঠিত হয়।
তরুণ প্রোগ্রামার, উদ্ভাবক ও প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ, সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে কার্নিভালের মূল আয়োজন সাজানো হয়। এবারের আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় দেশের ৮০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১২০টি দল অংশ নেয়। পাশাপাশি, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫০টি দল হ্যাকাথনে অংশ নিয়ে তাদের উদ্ভাবনী প্রযুক্তিভিত্তিক সমাধান উপস্থাপন করে।
দুই দিনের এ আয়োজনে প্রতিযোগিতার পাশাপাশি ফিনটেক, উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল ফাইন্যান্স এবং ভবিষ্যতের কর্মসংস্থান নিয়ে একাধিক বিশেষ সেশনের আয়োজন করা হয়। এসব সেশনে দেশের খ্যাতিমান শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং বিকাশ এর প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রকৌশলীরা শিক্ষার্থীদের কর্মজীবনের নানা দিক তুলে ধরেন। প্রতিযোগিতায় সব মিলিয়ে সেরা ২০টি দলকে পুরস্কৃত করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. খায়রুল ইসলাম, বিকাশ এর চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার আজমল হুদা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ এবং শাবিপ্রবি সিএসই বিভাগের প্রধান মো. ফরহাদ রাব্বী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
//ডিবিটেক/ এসএইচপি/এনএন//





