সদস্য কারখানাগুলোর তথ্য প্রদান বাধ্যতামূলক
পোশাক খাতের স্বচ্ছতায় বিজিএমইএর ইএসজি প্ল্যাটফর্ম উন্মোচন
- বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে তৈরি পোশাকশিল্পে চালু হলো ডাটাচালিত ইএসজি প্ল্যাটফর্ম
- পরিবেশ, সমাজ ও সুশাসন মানদণ্ড মূল্যায়নে ৩২৬টি কারখানার তথ্য ইএসজি ড্যাশবোর্ডে অন্তর্ভুক্ত
- ডেনমার্কের সহায়তায় বিজিএমইএ, বিআইজিডি ও এমআইবির যৌথ কারিগরি উদ্যোগ এটি
বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, পরিবেশগত ও সামাজিক মানদণ্ড পূরণ এবং ক্লাউডভিত্তিক সুশাসন নিশ্চিত করতে তৈরি পোশাকশিল্পের জন্য আন্তর্জাতিক প্রমিত ‘ইএসজি প্ল্যাটফর্ম’ বা ইএসজি ড্যাশবোর্ড চালু করেছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ।
১৯ অক্টোবর, সোমবার রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই ড্যাশবোর্ডের উদ্বোধন করা হয়। ডেনমার্ক দূতাবাসের আর্থিক সহায়তায় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) ও ‘ম্যাপড ইন বাংলাদেশ’ (এমআইবি)-এর কারিগরি সহযোগিতায় এই ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ, বিআইজিডির গবেষণা পরিচালক অধ্যাপক মুন্সি সোলায়মান ও বিজিএমইএ পরিচালক শেখ হোসাইন মোহাম্মদ মুস্তাফিজ।
সভায় ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতি, মূল্যস্ফীতি এবং শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের অভাব মোকাবিলার পাশাপাশি ২০২৯ সালে এলডিসি উত্তরণে তৈরি পোশাক খাতের ডিজিটাল রূপান্তর ও টেকসই উন্নয়ন অপরিহার্য। তিনি জানান, গত আট মাসে সরকার জ্বালানি খাতে ৪১২ কোটি ডলার ভর্তুকি দিয়েছে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, ইএসজি (পরিবেশ, সমাজ ও সুশাসন) ড্যাশবোর্ডে এ পর্যন্ত ৩২৬টি কারখানা তথ্য প্রদান করেছে। বিশ্ববাজারের পরিবর্তিত চাহিদা পূরণে শিগগিরই বিজিএমইএ ও বিকেএমইএর সব সদস্য কারখানার জন্য এই প্ল্যাটফর্মে ডাটা ইনপুট বাধ্যতামূলক করা হবে।
২০১৯ সালে শুরু হওয়া এই প্রযুক্তি উদ্যোগের উদ্দেশ্য হলো অ্যানালগ কমপ্লায়েন্স থেকে পোশাক খাতকে ডেটাচালিত ও পরিবেশবান্ধব টেকসই শিল্পে রূপান্তর করা, যা দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থাবর্ধনে মূল ভূমিকা রাখবে।
//ডিবিটেক/বিএনএনআর/এসএমই/এমএসআই//





