বিশ্বকাপ ফুটবল ফাইনাল ঘিরে শাবিপ্রবি ক্যাম্পাসে কড়া নিরাপত্তা ব্যবস্থা
শাবিপ্রবিতে বহিরাগত ও যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা
- ফুটবল বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে শাবিপ্রবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন
- শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী ব্যতীত অন্য সবার চলাচল নিয়ন্ত্রিত থাকবে
- স্টিকারযুক্ত ও জরুরি সেবার যানবাহন সীমিত আকারে প্রবেশের অনুমতি পাবে
শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে কেন্দ্র করে ক্যাম্পাস এলাকায় শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৯ জুলাই, রবিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামাল আহমেদ চৌধুরী সই করা একটি জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে কামাল আহমেদ চৌধুরী জানান, শাবিপ্রবি ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ ফাইনাল ম্যাচ উপলক্ষ্যে ১৯ জুলাই বিকেল ৬টা থেকে ২০ জুলাই সকাল ৬টা পর্যন্ত ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া যানবাহনসহ অন্যদের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এই সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও শাহপরাণ হল সংলগ্ন ফটক দিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং অ্যাম্বুলেন্স, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং বাহনসহ জরুরি সেবার যানবাহন সীমিত আকারে প্রবেশ করতে পারবে।
//ডিবিটেক/ এসইউ্এম/আরআই্//





