শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি জারি করা হয়েছে
চুয়েটের অচলাবস্থা নিরসনে ইউজিসির তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- চুয়েটের শ্রেণিকক্ষভিত্তিক কার্যক্রম চালুর লক্ষ্যে ইউজিসির সদস্যপর্যায়ে তদন্ত বা পরামর্শক কমিটি গঠন
- সিন্ডিকেটের সুনির্দিষ্ট সুপারিশের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে চিঠি পাঠানো হয়েছে
- জরুরি প্রশাসনিক সংকট নিরসনে দ্রুত সুনির্দিষ্ট সুপারিশমালা মন্ত্রণালয়ে পাঠানোর জোরালো নির্দেশনা প্রদান
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান প্রশাসনিক ও একাডেমিক অচলাবস্থা নিরসন এবং শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উচ্চপর্যায়ের একটি তদন্ত বা পরামর্শক কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় শাখা থেকে ১৮ অক্টোবর, রবিবার এ-সংক্রান্ত এক সরকারি আদেশ জারি করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এ চিঠিতে ইউজিসি চেয়ারম্যানকে অবিলম্বে প্রশাসনিক ও কারিগরি পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে।
চিঠির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চুয়েটের উপাচার্যসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। যাতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক একাডেমিক পরিবেশ ফিরিয়ে আনতে ইউজিসির সদস্যপর্যায়ে একটি নিরপেক্ষ তদন্ত ও পরামর্শক কমিটি গঠন করে দ্রুত সুনির্দিষ্ট সুপারিশমালা জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়ে জমা দিতে হবে।
এর আগে গত ১৬ অক্টোবর ২০২৬ (শুক্রবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের সভাপতিত্বে অনলাইনে ১৪৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। শিক্ষকরা অংশ না নিলেও সভায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ক্লাসে ফেরার আহ্বান, স্থানীয় অংশীজনদের সাথে আলোচনা এবং শিক্ষা মন্ত্রণালয়ে উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের সুপারিশসহ তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সিন্ডিকেটের সেই প্রস্তাবের ওপর ভিত্তি করেই ইউজিসিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল মন্ত্রণালয়।
//ডিবিটেক/সিআরএইচ/এসএমপি/ডিপিও//





