কৃত্রিম বুদ্ধিমত্তায় তরুণদের সম্পৃক্ততায়
৪ এপ্রিল ঢাকার বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে বসছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–নির্ভর ভবিষ্যৎ নির্মাণে তরুণ বিজ্ঞানীদের সম্পৃক্ততা জোরদার করতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস ২০২৬”। সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য তরুণ বিজ্ঞানী”। আগামী ৪ ও ৫ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে এই কংগ্রেস অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের সভাপতি অধ্যাপক ড. জহুরুল করিমের আমন্ত্রণে আয়োজিত এই কংগ্রেসের আয়োজন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর জেনারেল (অব.) অধ্যাপক ড. এএসএম মতিউর রহমান এবং অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে রয়েছেন অধ্যাপক ড. লিয়াকত আলী।
আয়োজক সূত্রে প্রকাশ, সম্মেলনে অংশগ্রহণের জন্য ২৫ মার্চ পর্যন্ত নিবন্ধন এবং ২৩ মার্চের মধ্যে গবেষণাপত্রের সারসংক্ষেপ জমা দেওয়া যাবে। অংশগ্রহণ ফি সাধারণদের জন্য ২০০০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অংশগ্রহণকারীদের জন্য বৈজ্ঞানিক সেশন, প্রকাশনা, আপ্যায়নসহ বিভিন্ন সুবিধা রাখা হয়েছে।
বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের আয়োজনে অনুষ্ঠিতব্য এ সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে দেশি-বিদেশি গবেষক ও বিজ্ঞানীদের অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে।
আয়োজকদের মতে, সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ অভূতপূর্ব মাত্রায় পৌঁছেছে এবং এটি নিয়মভিত্তিক প্রযুক্তি থেকে জেনারেটিভ সক্ষমতায় উন্নীত হয়ে নতুন জ্ঞান ও কনটেন্ট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উৎপাদনশীলতা বৃদ্ধি, পুনরাবৃত্তিমূলক কাজের স্বয়ংক্রিয়তা এবং মানবিক ত্রুটি কমানোর মাধ্যমে এআই ইতোমধ্যে বিভিন্ন খাতে পরিবর্তন আনছে। তবে একই সঙ্গে অ্যালগরিদমিক পক্ষপাত, তথ্যের গোপনীয়তা, কর্মসংস্থানের ওপর প্রভাব এবং প্রযুক্তির অপব্যবহারের মতো চ্যালেঞ্জও সামনে এসেছে, সেসব বিষয়ে কংগ্রেসে আলোচনার মাধ্যমে করণীয় তুল ধরবেন বক্তারা।
জানা গেছে, বাংলাদেশের বর্তমান জনমিতিক বাস্তবতায় তরুণ জনগোষ্ঠীকে উন্নয়নের চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে তাদের আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেই এই কংগ্রেস আয়োজন করা হচ্ছে। এতে দেশ-বিদেশের জ্যেষ্ঠ বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা অংশ নিয়ে তরুণ গবেষকদের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবেন। কংগ্রেসে আমন্ত্রিত বক্তৃতার পাশাপাশি গবেষকদের জন্য মৌখিক উপস্থাপনা ও পোস্টার প্রেজেন্টেশনের সুযোগ রাখা হয়েছে, যেখানে তারা তাদের মৌলিক গবেষণা তুলে ধরতে পারবেন।
সম্মেলনের থিম লেকচার উপস্থাপন করবেন যুক্তরাষ্ট্রের রচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এহসান হক। প্লেনারি সেশনে বক্তব্য দেবেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক হাসান সারওয়ার, অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ আলী মনি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তানজিমা হাসেম। এছাড়া বিভিন্ন সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম শামীম কায়সার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রাকিব হাসানসহ দেশি-বিদেশি আরও বহু গবেষক অংশ নেবেন, যারা স্বাস্থ্যসেবা, কৃষি, পরিবেশ, ন্যানো-বায়োটেকনোলজি ও ভাষা প্রযুক্তিতে এআই–এর প্রয়োগ নিয়ে আলোচনা করবেন।
কংগ্রেসে ভৌত, রাসায়নিক ও পরিবেশ বিজ্ঞান, কৃষি ও জীববিজ্ঞান, গণিত, প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান এবং স্বাস্থ্য ও ফার্মাসিউটিক্যাল বিজ্ঞানসহ বিভিন্ন গবেষণা ক্ষেত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ও চ্যালেঞ্জকে গুরুত্ব দিয়ে বিশেষ সিম্পোজিয়ামের আয়োজনও রাখা হয়েছে, যেখানে শিল্পখাতে এআই–এর ব্যবহার এবং প্রকাশনা নৈতিকতা নিয়ে আলোচনা হবে।
সার্বিকভাবে, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে বাংলাদেশের তরুণ গবেষকদের দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনী চিন্তা বিকাশ এবং গবেষণাকে বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে এই কংগ্রেস একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।
ডিবিটেক/এনএ/ইকে



