ড্রোন দিয়ে দেশে মাদক পাঠাচ্ছে আধিপত্যবাদীরা
- ড্রোন প্রযুক্তি ব্যবহার করে দেশে মাদক পাঠানোর চাঞ্চল্যকর তথ্য ইশরাকের।
- গেন্ডারিয়ায় সশস্ত্র মাদকবিরোধী অভিযানের ভিডিও ভাইরাল হওয়ার পর পদত্যাগের নির্দেশ।
- পদত্যাগের আগে সংবাদ সম্মেলনে জীবন বাজি রেখে মাদকমুক্তির সামাজিক অঙ্গীকার।
দেশের তরুণ প্রজন্মকে ধ্বংস করতে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে মাদক প্রবেশ করানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেন।
১৯ অক্টোবর, সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই বিস্ফোরক তথ্য জানান তিনি। মন্ত্রীত্ব থেকে স্বেচ্ছা অব্যাহতি নেওয়ার আগে নিজের নিরাপত্তার জন্য লাইসেন্সকৃত অস্ত্র ব্যবহারের কথা জানিয়ে মাদকের বিরুদ্ধে জীবন বাজি রেখে সামাজিক যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ অক্ষুণ্ন রাখতে এবং যুবসমাজকে স্থায়ীভাবে পঙ্গু করার ষড়যন্ত্র রুখতে তারা কাজ করছেন। তিনি উল্লেখ করেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় আমরা বলেছি, পরিকল্পিতভাবে দেশের অভ্যন্তরে মাদক প্রবেশ করানো হচ্ছে। আমাদের আশেপাশের আধিপত্যবাদী শক্তি ড্রোন প্রযুক্তির মাধ্যমে আকাশপথে কাঁটাতারের ওপর দিয়ে সীমান্ত পার করে মাদক পাঠাচ্ছে, যা আন্তর্জাতিক সাপ্লাইচেইনের অংশ।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিশীলতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফেরেনি বলেই স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে তিনি ও তাঁর এলাকার মানুষ এই ঝুঁকিপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন।
এর আগে গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে একাধিক সশস্ত্র সঙ্গীসহ মাদকবিরোধী অভিযানে নামেন ঢাকা-৬ আসনের প্রতিনিধি ইশরাক হোসেন। ঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার পরদিন বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী এবং পদত্যাগের নির্দেশ দেন বলে সরকার-সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।
//ডিবিটেক/আইইচ/এসএমপি/ডিপিও//





