সামুদ্রিক প্রকৌশল, বন্দর প্রযুক্তি ও নাবিক ভিসা সহজের আহ্বান
জাহাজ প্রযুক্তিতে ব্রিটিশ বিনিয়োগ চায় বাংলাদেশ
- প্রযুক্তি হস্তান্তর ও বিনিয়োগের আহ্বান
- জাহাজ নির্মাণ ও বন্দর আধুনিকায়নে জোর
- নাবিকদের ভিসা সহজ করার অনুরোধ
বাংলাদেশের জাহাজ নির্মাণ, সামুদ্রিক প্রকৌশল এবং বন্দরভিত্তিক শিল্পে প্রযুক্তি হস্তান্তর ও ব্রিটিশ বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে আন্তর্জাতিক জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকদের জন্য ভিসা ও ট্রানজিট প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
লন্ডনে যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডারের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে নৌপরিবহনমন্ত্রী এসব বিষয় তুলে ধরেন। শুক্রবার (১০ জুলাই) তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প, সামুদ্রিক প্রকৌশল, বন্দর উন্নয়ন এবং সামুদ্রিক পরিবহন খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে যুক্তরাজ্যের বিনিয়োগ, যৌথ উদ্যোগ, প্রযুক্তি হস্তান্তর এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (PPP) সম্প্রসারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।
এ সময় আন্তর্জাতিক জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকদের জন্য ওকেটিবি (OKTB) এবং অন্যান্য ট্রানজিট ও নাবিক-সংক্রান্ত ভিসা দ্রুত ও সহজতর করার ক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন তিনি।
মন্ত্রী জানান, জাহাজ পুনর্ব্যবহার শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বাংলাদেশ হংকং আন্তর্জাতিক কনভেনশন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে দেশের ৪২টি জাহাজ পুনর্ব্যবহার ইয়ার্ডের মধ্যে ২৭টি আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে এবং বাকি ইয়ার্ডগুলো পর্যায়ক্রমে উন্নয়ন করা হচ্ছে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (IMO)-এর উদ্যোগে বাংলাদেশের সমর্থনের কথাও তুলে ধরেন নৌপরিবহনমন্ত্রী। তিনি বলেন, পরিবেশবান্ধব প্রযুক্তি, সবুজ প্রবৃদ্ধি এবং টেকসই সামুদ্রিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করে যাচ্ছে।
বৈঠকে উভয় পক্ষ পরিবহন, নৌপরিবহন, রেলপথ, বন্দর উন্নয়ন, বাণিজ্য এবং বিনিয়োগসহ বিভিন্ন খাতে বিদ্যমান সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
//ডিবিটেক/ সংবাদ/ সম্পাদনা//





