শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি; পেশাজীবীদের অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয়
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিইএবের শ্রদ্ধা ও ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার
- বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ডিইএবের শ্রদ্ধাঞ্জলি।
- প্রকৌশলীদের স্বাধীনতা, স্বাধিকার এবং পেশাগত অধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা।
- শহীদ জিয়ার ঐতিহাসিক ১৯ দফার ভিত্তিতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করার প্রত্যয়।
জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্বের সুরক্ষা, বহুদলীয় গণতন্ত্রের পুনরুজ্জীবন এবং পেশাজীবীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে মাঠে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন বাংলাদেশ (ডিইএব)। ১ সেপ্টেম্বর, ২০২৬ মঙ্গলবার দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে এ প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন ডিইএবের সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, সদস্য প্রকৌশলী সেলিমুর রহমান সেলিম, প্রকৌশলী মো. আশরাফুল হোসেন শাকিল, প্রকৌশলী মো. রাসেল এবং প্রকৌশলী মো. সৈকতসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে ডিইএব নেতারা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এক ঐতিহাসিক প্রেক্ষাপটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই দলটি দেশ গঠনে এবং পেশাজীবীদের ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। চরম দুঃশাসন, জেল-জুলুম ও নানামুখী দমন-পীড়নের মধ্যেও ডিপ্লোমা প্রকৌশলীরা দলের পাশে থেকে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলেন। ভবিষ্যতেও প্রকৌশলীদের পেশাগত স্বাধিকার, মর্যাদা রক্ষা এবং দেশের কারিগরি উন্নয়নে ডিইএব বাতিঘর হিসেবে ভূমিকা রাখবে।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, দলটির প্রতিষ্ঠাকালে শহীদ জিয়া ঘোষিত ঐতিহাসিক ১৯ দফা কর্মসূচি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের মূলভিত্তি রচনা করেছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রেক্ষাপটে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ ও ডিপ্লোমা প্রকৌশলীরা জাতীয় স্বার্থে নিরলসভাবে কাজ করে যাবেন।
//ডিবিটেক/এসআইডি/এসএমই//





