এআইকে কারণ দেখিয়ে চলতি বছরে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে গণছাঁটাই

এআইকে কারণ দেখিয়ে চলতি বছরে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে গণছাঁটাই
৮ জুলাই, ২০২৬ ১০:০০  
৭ জুলাই, ২০২৬ ১২:১১  

বিশ্বজুড়ে রেকর্ড পরিমাণ আয় করা সত্ত্বেও প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো একের পর এক তাদের কর্মী ছাঁটাই করে চলেছে। আর এই ছাঁটাইয়ের পেছনে প্রধান কারণ বা বৃদ্ধির চালিকাশক্তি হিসেবে দেখানো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-কে। আউটপ্লেসমেন্ট প্রতিষ্ঠান ‘চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাস’-এর তথ্যমতে, ২০২৬ সালের মে মাসে প্রযুক্তি খাতে গত কয়েক বছরের মধ্যে এক মাসে সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে এবং এর প্রধান কারণ ছিল এআই। ট্র্যাকার অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত প্রযুক্তি খাতের প্রায় ১,২০,০০০ কর্মী চাকরি হারিয়েছেন।

নিচে ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত এআই-এর অজহুাতে বা এআই অবকাঠামোতে বিনিয়োগ বাড়াতে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য ছাঁটাইয়ের একটি তালিকা (সাম্প্রতিক থেকে পুরোনো ক্রমানুসারে) দেওয়া হলো:

মাইক্রোসফট — ৬ জুলাই, ২০২৬
মাইক্রোসফট তাদের বিশ্বব্যাপী মোট জনবলের ২.১ শতাংশ বা প্রায় ৪,৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই পদগুলো সরাসরি এআই দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে না, তবে এআই মানুষের কাজের ধরন বদলে দিচ্ছে এবং দৈনন্দিন অনেক কাজ স্বয়ংক্রিয় করে তুলছে। (এর আগে এপ্রিল-মে মাসেও কোম্পানিটি স্বেচ্ছায় অবসরের একটি প্যাকেজ চালু করেছিল)।

ওরাকল — ২২ জুন, ২০২৬
ওরাকল তাদের বার্ষিক আর্থিক প্রতিবেদনে প্রকাশ করেছে যে, বিগত ১২ মাসে তারা তাদের মোট কর্মীবাহিনীর ১৩ শতাংশ বা ২১,০০০ কর্মী কমিয়েছে। কোম্পানিটি স্পষ্ট জানিয়েছে, "আমাদের কার্যক্রমে এআই প্রযুক্তির ব্যবহার ও মোতায়েনের ফলে কর্মীবাহিনী হ্রাস পেয়েছে এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকতে পারে।"

গিটল্যাব — ৩ জুন, ২০২৬
এআই অবকাঠামোতে বিনিয়োগ বাড়াতে গিটল্যাব তাদের প্রায় ১৪ শতাংশ বা ৩৫০ জন কর্মী ছাঁটাই করেছে। প্রতিষ্ঠানটি ২২টি দেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে, ম্যানেজমেন্টের স্তর কমিয়ে ফেলছে এবং এআই এজেন্টের কাজের চাপ সামলাতে একটি নির্দিষ্ট এআই ল্যাবের সাথে যুক্ত হয়ে তাদের মূল প্ল্যাটফর্মটি নতুন করে তৈরি করছে।

গুগল — মে মাস পর্যন্ত চলমান
গুগল তাদের ক্লাউড বিভাগ, থ্রেট ইন্টেলিজেন্স গ্রুপ এবং সাইবার সিকিউরিটি শাখা থেকে নীরবে কর্মী ছাঁটাই করে চলেছে। গত এক বছরে কোম্পানিটি ছোট দল পরিচালনাকারী প্রায় ৩৫ শতাংশ ম্যানেজারের পদ বিলুপ্ত করেছে। গুগল কোনো একক বড় ছাঁটাইয়ের সংখ্যা ঘোষণা না করলেও, ধারণা করা হচ্ছে ২০২৬ সালে এ পর্যন্ত ১,৫০০ থেকে ৩,০০০-এরও বেশি প্রকৌশলী চাকরি হারিয়েছেন।

ইনটুইট — ২০ মে, ২০২৬
প্রাতিষ্ঠানিক জটিলতা কমাতে এবং এআই খাতে সম্পদ বা অর্থ পুনর্বণ্টন করতে ইনটুইট তাদের মোট কর্মীবাহিনীর ১৭ শতাংশ বা প্রায় ৩,০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ঘোষণা করেছে।

মেটা — ২০-২১ মে, ২০২৬
মেটা তাদের মোট কর্মীবাহিনীর ১০ শতাংশ বা প্রায় ৮,০০০ কর্মী ছাঁটাই করেছে। একই সাথে প্রায় ৭,০০০ কর্মীকে এআই-ভিত্তিক নতুন পদে স্থানান্তরিত করা হয়েছে। সিইও মার্ক জাকারবার্গ কর্মীদের জানিয়েছেন, এআই-এর প্রতিযোগিতায় টিকে থাকতেই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিসকো — ১৪ মে, ২০২৬
প্রত্যাশিত চেয়ে বেশি লাভ ও রাজস্ব অর্জন করা সত্ত্বেও সিসকো তাদের ৫ শতাংশ বা প্রায় ৪,০০০ কর্মী ছাঁটাই করেছে। কোম্পানির সিএফও মার্ক প্যাটারসন জানান, এটি খরচ কমানোর জন্য নয়, বরং সিলিকন, অপটিক্স, সিকিউরিটি এবং এআই খাতে জনবল নতুন করে বিন্যাস করার জন্য করা হয়েছে।

ক্লাউডফ্লেয়ার — ৭-৮ মে, ২০২৬
কোম্পানির ইতিহাসের সর্বোচ্চ ত্রৈমাসিক আয় (৬৩৯.৮ মিলিয়ন ডলার) সত্ত্বেও ক্লাউডফ্লেয়ার তাদের ২০ শতাংশ বা ১,১০০ কর্মী ছাঁটাই করেছে। সিইও ম্যাথিউ প্রিন্স জানান, ছাঁটাই হওয়া কর্মীদের বড় অংশই ছিলেন মধ্যম সারির ম্যানেজার, ফাইন্যান্স, লিগ্যাল ও ইন্টারনাল অডিটের কর্মী।

জেনারেল মোটরস — ১২ মে, ২০২৬
জিএম প্রধানত টেক্সাস এবং মিশিগানে তাদের আইটি বিভাগ থেকে ৫০০ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করেছে। একটি সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্তের পেছনে এআই-এর ভূমিকা ছিল। তবে কোম্পানিটি এখনও এআই ও স্বয়ংক্রিয় গাড়ি প্রযুক্তির জন্য নতুন কর্মী খুঁজছে।

কয়েনবেস — ৫ মে, ২০২৬
ক্রিপ্টো এক্সচেঞ্জ কয়েনবেস তাদের ১৪ শতাংশ বা প্রায় ৭০০ কর্মী ছাঁটাই করেছে। সিইও ব্রায়ান আর্মস্ট্রং জানান, এআই কাজের গতি নাটকীয়ভাবে বাড়িয়ে দিয়েছে; যে কাজ করতে আগে পুরো টিমের কয়েক সপ্তাহ লাগত, এআই ব্যবহার করে একজন প্রকৌশলী এখন তা কয়েক দিনেই করে ফেলছেন।

পেপ্যাল — ৫ মে, ২০২৬
পেপ্যাল আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে তাদের কর্মীবাহিনীর ২০ শতাংশ বা ৪,৫০০-এরও বেশি কর্মী ছাঁটাইয়ের দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছে। কোম্পানির সিইও এনরিকে লোরিস জানান, তারা কোডিং থেকে শুরু করে কাস্টমার সার্ভিস ও রিস্ক ম্যানেজমেন্ট পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে "আগ্রাসীভাবে এআই গ্রহণ" করবেন।

স্ন্যাপ — ১৬ এপ্রিল, ২০২৬
স্ন্যাপ তাদের বিশ্বব্যাপী কর্মীবাহিনীর ১৬ শতাংশ বা প্রায় ১,০০০ পূর্ণকালীন কর্মী ছাঁটাই করেছে। সিইও ইভান স্পিগেল মেমোতে লিখেছেন, "কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতি আমাদের টিমগুলোর পুনরাবৃত্তিমূলক কাজের চাপ কমিয়ে কাজের গতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।"

আইবিএম — ২০২৬ সাল জুড়ে চলমান
২০২৫-এর শেষ প্রান্তিক থেকে ২০২৬-এর এপ্রিল পর্যন্ত আইবিএম (এবং তাদের রেড হ্যাট প্রকৌশল শাখা) থেকে প্রায় ৩,০০০ থেকে ৯,০০০ কর্মী কমানো হয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, হিউম্যান রিসোর্স বিভাগের প্রায় ২০০টি পদের কাজ এখন সরাসরি এআই এজেন্ট দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।

অ্যাটলাসিয়ান — ১১ মার্চ, ২০২৬
এআই এবং এন্টারপ্রাইজ সেলসের দিকে মনোযোগ দিতে অ্যাটলাসিয়ান ১০ শতাংশ বা ১,৬০০ কর্মী ছাঁটাই করেছে। সিইও মাইক ক্যানন-ব্রুকস বলেন, "আমাদের উদ্দেশ্য এআই দিয়ে মানুষ প্রতিস্থাপন করা নয়, তবে এআই যে দক্ষতার ধরন এবং নির্দিষ্ট পদের প্রয়োজনীয়তা বদলে দিচ্ছে, তা অস্বীকার করার উপায় নেই।"

ডেল — ৩০ জানুয়ারি (মার্চে প্রকাশিত)
ডেল তাদের আর্থিক বছর ২০২৬-এ কর্মীবাহিনী ১০ শতাংশ কমিয়ে এনেছে, যার ফলে প্রায় ১১,০০০ কর্মী চাকরি হারিয়েছেন। সেভারেন্স বা বিদায়ী ভাতা বাবদ কোম্পানিটির ৫৬৯ মিলিয়ন ডলার খরচ হয়েছে। মূলত এআই-অপ্টিমাইজড সার্ভার ব্যবসায় বিনিয়োগ বাড়াতেই এই ছাঁটাই.

ব্লক — ২৬-২৭ ফেব্রুয়ারি, ২০২৬
জ্যাক ডরসির নেতৃত্বাধীন ‘ব্লক’ কোম্পানিটি তাদের প্রায় অর্ধেক কর্মী ছাঁটাই করে মোট কর্মী সংখ্যা ১০,০০০ থেকে কমিয়ে ৬,০০০-এর নিচে নামিয়ে এনেছে। ডরসি জানান, ছোট দল এবং উন্নত এআই টুলের সংমিশ্রণ কোম্পানি পরিচালনার ধারণাই বদলে দিচ্ছে।

সেলসফোর্স — ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সেলসফোর্স তাদের মার্কেটিং, প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং ‘এজেন্টফোর্স এআই’ ইউনিট থেকে প্রায় ১,০০০ কর্মী ছাঁটাই করেছে। এর আগে কাস্টমার সাপোর্ট টিম থেকে প্রায় ৪,০০০ কর্মী কমানো হয়েছিল। সিইও মার্ক বেনিওফ জানান, এআই এজেন্টরা সফলভাবে গ্রাহকদের সাপোর্ট সামলাতে পারায় এখন তাদের কম কর্মীর প্রয়োজন হচ্ছে।

অ্যামাজন - ২৮ জানুয়ারি, ২০২৬
অ্যামাজন তাদের করপোরেট বিভাগ থেকে ১৬,০০টি পদ বিলুপ্ত করেছে (এর আগে ২০২৫-এর অক্টোবরে ১৪,০০০ কর্মী ছাঁটাই করা হয়েছিল)। সিইও অ্যান্ডি জ্যাসি আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, জেনারেটিভ এআই এবং এআই এজেন্টের ব্যবহার বৃদ্ধির ফলে করপোরেট পর্যায়ে তাদের অনেক কম কর্মীর প্রয়োজন হবে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: টেকক্রাঞ্চ