হোয়াটসঅ্যাপে ইউজারনেম বুকিং এবং পরিবর্তন করার উপায়
মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ গত জুন মাস থেকে বিশ্বজুড়ে তাদের ৩০০ কোটি ব্যবহারকারীর জন্য ‘ইউজারনেম’ বুকিং বা রিজার্ভ করার সুবিধা চালু করেছে। যদিও ইউজারনেম ফিচারটি এখনই সরাসরি চ্যাটিংয়ের জন্য সম্পূর্ণ সক্রিয় হয়নি, তবে চলতি বছরেই এটি সবার জন্য উন্মুক্ত হবে। তার আগেই ব্যবহারকারীরা নিজেদের পছন্দের নামটি বুক করে রাখতে পারছেন।
এই ইউজারনেম ফিচারের সবচেয়ে বড় সুবিধা হলো, এর মাধ্যমে কেউ চাইলে নিজের ফোন নম্বর গোপন রেখেই অন্যের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। যারা ফোন নম্বর শেয়ার না করে শুধু চ্যাট করতে চান বা ব্যবসায়িক প্রচারণার জন্য ফোন নম্বরের চেয়ে নাম শেয়ার করা সহজ মনে করেন, তাদের জন্য এটি অত্যন্ত দরকারী একটি ফিচার।
যেভাবে নিজের হোয়াটসঅ্যাপ ইউজারনেম রিজার্ভ করবেন:
১. প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপের Settings-এ যান।
২. সেখান থেকে Account অপশনে ট্যাপ করুন এবং “Your Account” সেকশনের নিচে থাকা Username অপশনটি নির্বাচন করুন।
৩. আপনি যদি প্রথমবার ইউজারনেম সেট করতে যান, তবে “Create username” অপশনটি দেখতে পাবেন। সেখানে আপনার পছন্দের নামটি টাইপ করুন।
৪. আপনার কাঙ্ক্ষিত নামটি যদি ইতিমধ্যে অন্য কেউ নিয়ে নেয় (অর্থাৎ উপলভ্য না থাকে), তবে “suggest a username” অপশনে ট্যাপ করলে হোয়াটসঅ্যাপ আপনাকে ওই নামের কাছাকাছি কিছু বিকল্প নাম সাজেস্ট করবে।
বিশেষ দ্রষ্টব্য: নামকরা পাবলিক ফিগার, তারকা বা বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের ইউজারনেমগুলো হোয়াটসঅ্যাপ আগে থেকেই লক বা রিজার্ভ করে রেখেছে, তাই সাধারণ ব্যবহারকারীরা সেগুলো নিতে পারবেন না। তবে আপনার যদি ইতিমধ্যে একটি ফেসবুক বা ইনস্টাগ্রাম ইউজারনেম বা হ্যান্ডেল থেকে থাকে, তবে আপনি সেই সার্ভিসের মাধ্যমে লগ-ইন করে হোয়াটসঅ্যাপেও একই নাম রিজার্ভ করে নিতে পারবেন।
ইউজারনেম পরিবর্তন বা মুছে ফেলার নিয়ম:
একবার ইউজারনেম সেট করার পর আপনি যদি সেটি পরিবর্তন করতে চান, তবে আবার একই মেন্যুতে (Settings > Account > Username) ফিরে যান। এরপর ওপরের ডানদিকের কোণায় থাকা “Edit” বোতামে ট্যাপ করে নাম পরিবর্তন করতে পারবেন। এছাড়া আপনি চাইলে আপনার সেট করা ইউজারনেমটি সম্পূর্ণ Delete বা মুছেও ফেলতে পারবেন।
অতিরিক্ত সুরক্ষার জন্য ‘ইউজারনেম কি’:
হোয়াটসঅ্যাপে অপরিচিতদের হাত থেকে বাঁচতে ইউজারনেম মেন্যুর ভেতরেই একটি বাড়তি নিরাপত্তা স্তর যুক্ত করা হয়েছে, যার নাম ‘ইউজারনেম কি’। এর মাধ্যমে আপনি আপনাকে মেসেজ দেওয়ার সুবিধা “Everyone” (সবাই) থেকে পরিবর্তন করে “People who know my key” (যারা আমার পিন বা কি জানে) করে দিতে পারেন। এটি চালু করলে, কেউ আপনার ইউজারনেম জানলেও আপনাকে প্রথমবার মেসেজ দেওয়ার আগে একটি ৪-ডিজিটের গোপন পিন বা ‘কি’ টাইপ করতে হবে। ব্যবহারকারীরা যেকোনো সময় এই কি সেভ করে রাখতে বা নতুন কি তৈরি করতে পারবেন।
বর্তমানে কোনো ধরনের ডুপ্লিকেশন বা একই নামে একাধিক অ্যাকাউন্ট হওয়া ঠেকাতে হোয়াটসঅ্যাপ কেবল নাম বুকিংয়ের সুযোগ দিচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ফিচারটি মূল চ্যাটিংয়ের জন্য পুরোপুরি লাইভ বা চালু হয়ে যাবে।
ডিবিটেক/বিএমটি





