আগামী এক বছরে ৩,২০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল এক্সবক্স
ভিডিও গেমপ্রেমীদের জন্য বড় ধাক্কা দিয়ে টেক জায়ান্ট মাইক্রোসফটের গেমিং বিভাগ ‘এক্সবক্স’ আগামী এক বছরে তাদের মোট ৩,২০০ কর্মী ছাঁটাইয়ের একটি বড় পরিকল্পনা নিশ্চিত করেছে। ৩০ জুন অর্থনৈতিক বছর শেষ হওয়ার পর গেম ইউনিটের মুনাফা বৃদ্ধি এবং কার্যক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই গণছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক্সবক্সের প্রধান নির্বাহী (সিইও) আশা শর্মা কর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক অফিসিয়াল নোটিশে জানিয়েছেন- অ্যাক্টিভিশন, বেথেসডা, ব্লিজার্ড, কিং, মোজাং এবং এক্সবক্স গেম স্টুডিওজুড়ে এই ছাঁটাই প্রক্রিয়া চালানো হবে, যার মধ্যে ১,৬০০ কর্মীকে অবিলম্বে চাকরিচ্যুত করা হচ্ছে। এটি মূলত মাইক্রোসফটের সামগ্রিক ৪,৮০০ কর্মী (বিশ্বব্যাপী মোট জনবলের ২.১ শতাংশ) ছাঁটাইয়ের একটি বড় অংশ।
এই পুনর্গঠন প্রক্রিয়ায় এক্সবক্স তাদের মালিকানাধীন চারটি গেম স্টুডিওর মালিকানা ছেড়ে দেওয়ার (ডাইভেস্ট) সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে ওই স্টুডিওগুলোর ৩৫০ জন কর্মী নতুন মালিকানার অধীনে চলে যাবেন। জনপ্রিয় গেম ‘সাউথ অব মিডনাইট’-এর নির্মাতা ‘কমপালশন গেমস’ এবং ‘ডাবল ফাইন প্রোডাকশনস’ তাদের নিজস্ব আইপি (ইন্টেলেকচুয়াল প্রপার্টি) ও গেমের স্বত্বসহ আবারও স্বাধীন স্টুডিও হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে কমপালশন গেমস খবরটি নিশ্চিত করে জানিয়েছে, এই রূপান্তরকালীন সময়ে কর্মীদের পাশে থাকাই তাদের মূল লক্ষ্য।
অন্যদিকে, ‘নিনজা থিওরি’ এবং ‘আনডেড ল্যাবস’ নতুন মালিকানায় যুক্ত হওয়ার চূড়ান্ত শর্তাবলীতে স্বাক্ষর করেছে। নতুন মালিকদের অর্থায়নে তাদের নির্মাণাধীন বড় প্রজেক্ট ‘সেনুয়া’ এবং ‘স্টেট অব ডিকে ৩’-এর কাজ চলমান থাকবে। তবে এক্সবক্স এখনই এই ক্রেতাদের নাম প্রকাশ করেনি।
এছাড়া ফ্রান্সের লিওন-ভিত্তিক ‘আর্কেন স্টুডিওস’-এর ভবিষ্যৎ নির্ধারণে ফরাসি শ্রম আইন অনুযায়ী স্থানীয় ওয়ার্কস কাউন্সিলের সাথে আলোচনা শুরু করেছে এক্সবক্স কর্তৃপক্ষ। গুঞ্জন রয়েছে, আর্কেন স্টুডিওর বহুপ্রতীক্ষিত ‘ব্লেড’ গেমটির মুক্তি পিছিয়ে ২০২৭ সালের শেষের দিকে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এক্সবক্স সিইও আশা শর্মা তাঁর নোটিশে বেশ অকপটভাবে এই সংকটের কথা স্বীকার করে লিখেছেন, "বর্তমানে আমাদের গেমিং ব্যবসার অবস্থা ভালো নয়। সমসাময়িক অন্যান্য প্ল্যাটফর্ম বা পাবলিশিং ব্যবসার তুলনায় আমাদের মুনাফার হার ৩ থেকে ১০ গুণ কম। এই প্রজন্মের শুরুতে আমাদের কনসোল বিক্রির ভিত্তি ছোট ছিল কিন্তু উৎপাদন খরচ ছিল অনেক বেশি। ব্যবসা বাড়াতে আমরা গেম পাস ও মাল্টি-প্ল্যাটফর্ম কন্টেন্টের ওপর বাজি ধরেছিলাম, যা ভালো সাড়া দিলেও আমাদের প্রত্যাশিত গতিতে বাড়েনি। একই সাথে পুরো গেমিং শিল্প এখন ইতিহাসের সবচেয়ে বড় হার্ডওয়্যার সংকটের মুখোমুখি হচ্ছে। তাই আমাদের এক্সবক্সকে নতুন করে সাজানো (রিসেট) ছাড়া উপায় ছিল না।"
এই বড় পরিবর্তনের অংশ হিসেবে এক্সবক্সের চিফ অপারেটিং অফিসার (সিওও) ডেভ ম্যাককার্থি তাঁর পদ থেকে অবসর নিচ্ছেন। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন হেলেন চিয়াং, যিনি গত এক দশক ধরে জনপ্রিয় গেম ‘মাইনক্রাফট’-এর নেতৃত্বদানকারী দলে ছিলেন। নতুন সিওও হিসেবে হেলেন চিয়াং এখন থেকে এক্সবক্সের কন্টেন্ট, হার্ডওয়্যার, প্ল্যাটফর্ম এবং সেবাসমূহের লাভ-ক্ষতির সামগ্রিক দেখভালের দায়িত্ব পালন করবেন।
এর আগে ২০২৪ সালের শুরুতে ১,৬০০ কর্মী এবং গত বছরও কয়েক শত কর্মী ছাঁটাই করেছিল এক্সবক্স। সম্প্রতি মেমোরি ও স্টোরেজ যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির অজুহাতে এক্সবক্স তাদের কনসোলের দাম বাড়ানোর পর এই গণছাঁটাইয়ের খবরটি এলো, যা গেমার এবং এই খাতের ডেভেলপারদের মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





