ভাইরাল কুকুরেয়ার ‘ট্রফিথিন’
বিশ্বকাপ জয়ের পর ‘ট্রফিথিন’ নামে ভাইরাল হওয়া প্লাস্টিকের ব্যাগ, বিশেষ সংস্করণের লেগো ট্রফি এবং ফাইনালে লাল কার্ড বিতর্ক; সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়া
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর শুধু শিরোপা উদযাপন নয়, স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়াকে ঘিরে একের পর এক ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’ বহন, বিশেষ সংস্করণের লেগো ট্রফি এবং ফাইনালে লাল কার্ড না পাওয়ার বিতর্ক—সব মিলিয়ে বিশ্বকাপ-পরবর্তী আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই ডিফেন্ডার।
স্টেডিয়াম ছাড়ার সময় ভাইরাল হওয়া একটি ভিডিওতে কুকুরেয়ার হাতে সাদা প্লাস্টিকের একটি ব্যাগ দেখা যায়। ব্যাগের ভেতরে বিশ্বকাপ ট্রফির মতো দেখতে একটি বস্তু থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। অনেকেই ব্যঙ্গ করে মন্তব্য করেন, যে ট্রফি মাঠে আনা হয়েছিল বিলাসবহুল লুই ভুইতোঁর বিশেষ কেসে, সেটিই কি না শেষে সাধারণ প্লাস্টিকের ব্যাগে বহন করা হচ্ছে।
তবে পরে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে জানানো হয়, কুকুরেয়ার হাতে থাকা বস্তুটি আসল ফিফা বিশ্বকাপ ট্রফি নয়; বরং লেগো দিয়ে তৈরি ট্রফির একটি প্রতিরূপ। অনেক নেটিজেনও মন্তব্য করেন, আসল বিশ্বকাপ ট্রফির ওজন ছয় কেজির বেশি হওয়ায় এত পাতলা প্লাস্টিকের ব্যাগে সেটি বহন করা বাস্তবসম্মত নয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাগটির নাম দেওয়া হয় ‘ট্রফিথিন’।
লেগো ট্রফি
বিশ্বকাপ জয়ের পরপরই স্পেনের চ্যাম্পিয়ন হওয়া উপলক্ষে বিশেষ সংস্করণের ‘FIFA World Cup Official Trophy – Champions Edition’ উন্মোচন করেছে লেগো গ্রুপ।
২ হাজার ৮৪৫টি খণ্ডে তৈরি এই বিশেষ সংস্করণে রয়েছে একটি ক্ষুদ্র বিজয়মঞ্চ, ছোট আকারের বিশ্বকাপ ট্রফি এবং একটি বিশেষ প্রিন্টেড টাইল, যেখানে ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হিসেবে স্পেনের নাম সংযোজন করা হয়েছে। ট্রফির বেসেও যুক্ত হয়েছে ‘২০২৬ España’ লেখা এবং বিশ্বচ্যাম্পিয়নদের তালিকায় স্পেনের নতুন শিরোপার স্বীকৃতি।
লেগো জানিয়েছে, সেটটি আপাতত শুধু স্পেনে পাওয়া যাবে। আগামী ১ অক্টোবর থেকে সরবরাহ শুরু হবে এবং বর্তমানে এটি প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত রয়েছে। স্পেনে এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯৯ দশমিক ৯৯ ইউরো। প্রতিজন ক্রেতা সর্বোচ্চ একটি সেট কিনতে পারবেন।
বিশ্লেষকদের মতে, সীমিত সংস্করণের এই সেট ভবিষ্যতে সংগ্রাহকদের কাছে মূল্যবান সংগ্রহে পরিণত হতে পারে।
কুকুরেয়ার বাজি
২০২৪ ইউরো জয়ের পর নিজের ঝাঁকড়া চুল লাল রঙ করেছিলেন কুকুরেয়া। এবার বিশ্বকাপ ফাইনালের আগে তিনি ঘোষণা দেন, স্পেন শিরোপা জিতলে জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু নিজের শরীরে আঁকাবেন।
অন্যদিকে কোচ দে লা ফুয়েন্তে মজা করে বলেন, তার আর ট্যাটু করানোর বয়স নেই, তবে খেলোয়াড়রা চাইলে নিজেদের প্রতিশ্রুতি রাখতে পারে।
ফাইনালে লাল কার্ড বিতর্ক
স্পেন-আর্জেন্টিনা ফাইনালেও আলোচনায় ছিলেন কুকুরেয়া। ম্যাচের অতিরিক্ত সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। এর মাধ্যমে তিনি বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে লাল কার্ড পাওয়া ষষ্ঠ খেলোয়াড় হন।
এনজোর বিদায়ের পর আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে রেফারির কাছে কুকুরেয়ার বিরুদ্ধে অভিযোগ তুলতে দেখা যায়। তার অভিযোগ ছিল, কুকুরেয়া মুখ হাত দিয়ে ঢেকে কথা বলছিলেন, যা শাস্তিযোগ্য হওয়া উচিত।
তবে ফুটবলের প্রচলিত নিয়ম অনুযায়ী, শুধু মুখ ঢেকে কথা বললেই লাল কার্ড দেখানোর বিধান নেই। কোনো উত্তপ্ত পরিস্থিতি, তর্ক বা রেফারির সিদ্ধান্তকে প্রভাবিত করার উদ্দেশ্যে মুখ ঢেকে যোগাযোগ করলে সেটি শাস্তিযোগ্য হতে পারে। সাধারণ কথোপকথনের সময় মুখ ঢেকে কথা বলা নিষিদ্ধ নয়।
বিশ্লেষকেরা উল্লেখ করেছেন, সদ্য সমাপ্ত বিশ্বকাপেও একাধিক খেলোয়াড়কে একইভাবে মুখ ঢেকে কথা বলতে দেখা গেছে। যেমন ইংল্যান্ডের জুড বেলিংহাম ঘানার জর্ডান আয়ুর সঙ্গে কথা বলার সময় একই ধরনের আচরণ করলেও তাকে কোনো শাস্তির মুখোমুখি হতে হয়নি।
ফলে কুকুরেয়ার ঘটনাটিও ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তারা শাস্তিযোগ্য হিসেবে বিবেচনা করেননি।
//ডিবিটেক/ডিবিডি/এসএমই//





