জনসচেতনতা ও প্রতিরোধমূলক আচরণে জোর
ডেঙ্গু প্রতিরোধে অনলাইন সচেতনতা বাড়ানোর তাগিদ স্থানীয় সরকারমন্ত্রীর
- অনলাইনভিত্তিক জনসচেতনতামূলক প্রচারণা জোরদারের আহ্বান।
- নগর জনস্বাস্থ্য সুরক্ষায় IUPHPSP প্রকল্পের ভূমিকার প্রত্যাশা।
- বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত হচ্ছে প্রকল্পটি।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার ইতোমধ্যে মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি গঠন করেছে। একই সঙ্গে অনলাইনভিত্তিক জনসচেতনতামূলক প্রচারণা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
১ জুলাই, রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে Improvement of Urban Public Health Preventive Services Project (IUPHPSP)-এর আওতায় আয়োজিত Workshop on Insights Dissemination of IUPHPS Project-এ প্রধান অতিথির বক্তব্যে বুধবার তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে গঠিত জাতীয় কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং এর প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, IUPHPSP প্রকল্পও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও মশার লার্ভা তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি অনলাইন প্রচারণা আরও সম্প্রসারণ করতে হবে, যাতে সাধারণ মানুষের মধ্যে প্রতিরোধমূলক আচরণ গড়ে ওঠে।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও রোগ প্রতিরোধকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তাঁর নেতৃত্বে একটি পরিচ্ছন্ন ও সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।
কর্মশালায় বক্তারা জানান, Improvement of Urban Public Health Preventive Services Project (IUPHPSP) স্থানীয় সরকার বিভাগের (LGD) অধীনে বাস্তবায়িত একটি জনস্বাস্থ্য উন্নয়ন প্রকল্প। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের লক্ষ্য শহরাঞ্চলে প্রতিরোধমূলক জনস্বাস্থ্যসেবা শক্তিশালী করা এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান (এনডিসি), IUPHPSP-এর প্রকল্প পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
//ডিবিটেক/ এইচএমসি/এমআই//





