সান ফ্রান্সিসকো বে এরিয়ায় শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালন

সান ফ্রান্সিসকো বে এরিয়ায় শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালন
৩০ মে, ২০২৬ ১৯:০৩  

বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এরিয়ায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নর্দান ক্যালিফোর্নিয়া শাখা।

শনিবার (৩০ মে) আয়োজিত এ অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, রাজনৈতিক দর্শন ও দেশের প্রতি তাঁর অবদান তুলে ধরা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির কল্যাণ এবং শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে আত্মনির্ভরশীল ও উৎপাদনমুখী রাষ্ট্রে রূপান্তরের স্বপ্ন তিনি দেখেছিলেন। তাঁর সততা, দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্ব আজও রাজনৈতিক অঙ্গনে অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে।

অনুষ্ঠানে অংশ নেন সান ফ্রান্সিসকো বে এরিয়া বিএনপির আজীজ চৌধুরি, মীর আনোয়ার, ফাইয়াজ জামান, ফায়াজ নুর, মোকাররম চৌধুরী, জালাল মাহমুদ, আব্দুর শিকদারসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ।

আয়োজকদের পক্ষ থেকে দলমত নির্বিশেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল প্রবাসী বাংলাদেশিকে ধন্যবাদ জানানো হয় এবং শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সবাইকে দোয়ার আহ্বান জানানো হয়।

;ডিবিটেক/এমএ/ইকে/: