সাইবার নিরাপত্তা, তথ্যবিজ্ঞান ও যন্ত্রশিক্ষায় আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের নতুন উদ্যোগ

হার্ভার্ডের অনলাইন কোর্সে বিনা খরচে সনদের সুযোগ পাচ্ছেন ইউআইটিএস শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর শিক্ষার্থীদের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনলাইন কোর্সে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। FutureNation ও edX-এর সহযোগিতায় যোগ্য শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ করলে বিনা খরচে হার্ভার্ডের ভেরিফায়েড সনদ অর্জন করতে পারবেন।

হার্ভার্ডের অনলাইন কোর্সে বিনা খরচে সনদের সুযোগ পাচ্ছেন ইউআইটিএস শিক্ষার্থীরা
২৮ জুন, ২০২৬ ১৯:৫৪  
২৯ জুন, ২০২৬ ১৩:১৫  

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্বমানের অনলাইন কোর্সে অংশ নিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদ অর্জনের সুযোগ পাচ্ছেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর শিক্ষার্থীরা।

২৮ জুন, রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC) এর  উদ্যোগে এবং ফিউচারনেশন ও এডএক্সের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর আওতায় যোগ্য শিক্ষার্থীরা তথ্যনিরাপত্তা, উপাত্তবিজ্ঞান এবং যন্ত্রশিক্ষাসহ উচ্চ চাহিদাসম্পন্ন প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পাবেন।

পাঠক্রম এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে পূর্বে প্রোগ্রামিংয়ের অভিজ্ঞতা না থাকলেও শিক্ষার্থীরা সহজে অংশ নিতে পারেন। ধাপে ধাপে মৌলিক ধারণা থেকে ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ থাকবে।

প্রতিটি কোর্সে থাকবে ধারাবাহিক পাঠ, আন্তঃক্রিয়াশীল অনুশীলন, ব্যবহারিক দায়িত্ব এবং মূল্যায়ন ব্যবস্থা। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব সমস্যা সমাধান এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পারবেন।

সাধারণভাবে এডএক্সে এসব কোর্সে বিনামূল্যে অংশ নেওয়া গেলেও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত সনদ পেতে প্রায় ৩০০ মার্কিন ডলার সমপরিমাণ যাচাইকরণ ফি দিতে হয়।

তবে ফিউচারনেশনের প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং এডএক্সের সঙ্গে সম্পাদিত চুক্তির ফলে ইউআইটিএসের যোগ্য শিক্ষার্থীরা কোর্সের সব শর্ত পূরণ করলে অতিরিক্ত কোনো অর্থ ছাড়াই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত সনদ অর্জনের সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়ের মতে, এ উদ্যোগ আন্তর্জাতিক সনদ অর্জনের আর্থিক বাধা কমাবে। একই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক প্রোফাইল সমৃদ্ধ করবে, কর্মসংস্থানে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াবে এবং দ্রুত বিকাশমান প্রযুক্তি খাতে ক্যারিয়ার গঠনে সহায়তা করবে।

এ উদ্যোগকে বৈশ্বিক মানের শিক্ষা নিশ্চিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে উল্লেখ করেছে ইউআইটিএস। বিশ্ববিদ্যালয়টির আশা, এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের জ্ঞান, দক্ষতা ও স্বীকৃতি অর্জন করে ডিজিটাল অর্থনীতিতে সফলভাবে নিজেদের অবস্থান তৈরি করতে পারবেন।

//ডিবিটেক/এসএইচ /ইকে//