কর্মসংস্থানে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সমন্বয়ে জোর ইউজিসির
- এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে সফট স্কিলস ও তৃতীয় ভাষা শিক্ষায় জোর।
- উদ্ভাবন তহবিল, স্টার্টআপ সহায়তা ও বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর উদ্যোগ।
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৪২ প্রতিষ্ঠানের অংশীদারিত্বে ৬ সমঝোতা স্মারক।
দেশে ও বিদেশে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য বাস্তবায়নে তরুণদের প্রযুক্তি ও ব্যবহারিক দক্ষতায় পারদর্শী করতে বিশ্ববিদ্যালয় এবং শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতা বাড়াচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন ইনিশিয়েটিভস’ শীর্ষক গোলটেবিল আলোচনা ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। অনুষ্ঠানে ৪২টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মোট ৬টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, শুধু একাডেমিক জ্ঞানসম্পন্ন গ্র্যাজুয়েট নয়, শিক্ষার্থীদের আধুনিক কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ দিতে হবে। শিল্পখাতের চাহিদা মেটাতে শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ তৈরিতে ইউজিসি কাজ করছে।
তিনি জানান, ২০৩০ সালের মধ্যে কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শিক্ষা, সফট স্কিলস প্রশিক্ষণ এবং ক্যারিয়ার সেন্টারের কার্যক্রম জোরদার করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়জীবন থেকেই শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকলে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার উপযোগী অভিজ্ঞতা অর্জন করতে পারবে।
শিক্ষার্থীদের স্টার্টআপ ও উদ্ভাবনী উদ্যোগ বিকাশে বিশেষ তহবিল গঠনের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে স্টার্টআপ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি সৃজনশীল অর্থনীতির বিকাশে ৮০০ কোটি টাকার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা তথ্যপ্রযুক্তি ও গবেষণাকে শিল্পের সঙ্গে যুক্ত করবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।
//ডিবিটেক/আইএইচইউ/এমআইএস//





