ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মসংস্থান না বাড়লে শিক্ষিত বেকারত্ব আরও বাড়বে: হান্নান মাসউদ

ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য কর্মসংস্থান বাড়ানো এবং বেসরকারি খাতে ন্যায্য বেতন কাঠামো প্রণয়নের দাবি জানিয়েছেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেন, দক্ষ মানবসম্পদ তৈরি করলেও কর্মসংস্থান নিশ্চিত না হলে শিক্ষিত বেকারের সংখ্যা আরও বাড়তে পারে।

ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মসংস্থান না বাড়লে শিক্ষিত বেকারত্ব আরও বাড়বে: হান্নান মাসউদ
২৬ জুন, ২০২৬ ২২:০৯  

সরকার বিপুলসংখ্যক ডিপ্লোমা প্রকৌশলী তৈরি করলেও তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান নিশ্চিত করা না হলে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।

২৬ জুন, শুক্রবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এনসিপি-সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ) বেসরকারি খাতের প্রকৌশলী ও চাকরিজীবীদের জন্য পে-স্কেল বা ন্যায্য বেতন কাঠামো গঠনের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে হান্নান মাসউদ বলেন, দেশের শ্রমবাজার ও উচ্চশিক্ষা ব্যবস্থার মধ্যে সমন্বয় প্রয়োজন। তার ভাষ্য অনুযায়ী, ডিপ্লোমা প্রকৌশলীদের সংখ্যা বাড়লেও সরকারি চাকরির সুযোগ সীমিত থাকায় উল্লেখযোগ্য অংশ কর্মসংস্থানের অনিশ্চয়তায় রয়েছেন।

তিনি দাবি করেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় ২৭ লাখ এবং ভবিষ্যতে উচ্চশিক্ষা সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থানের পরিকল্পনাও সমন্বিতভাবে গ্রহণ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশের মোট কর্মসংস্থানের বড় অংশ বেসরকারি খাতে হলেও বেতন কাঠামো ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে বৈষম্য রয়েছে। এ কারণে বেসরকারি চাকরিজীবীদের জন্যও একটি ন্যায্য ও কাঠামোবদ্ধ বেতননীতি প্রয়োজন বলে তিনি মত দেন।

শিক্ষা খাত প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান সম্প্রসারণের পাশাপাশি শিক্ষার মান, প্রশাসনিক স্বচ্ছতা এবং দক্ষতা উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া জরুরি।

সংবাদ সম্মেলনে বিভিন্ন সাম্প্রতিক অর্থনৈতিক ও সামাজিক বিষয়েও তিনি সরকারের নীতি ও কার্যক্রম নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন। 

//ডিবিটেক/ডিএম/এমআই//