ডেন্টাল টেকনোলজিস্টদের স্বাধীন প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ বাতিল করল আপিল বিভাগ
ডিপ্লোমাধারী ডেন্টাল টেকনোলজিস্টদের স্বাধীন প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ বাতিল করেছে আপিল বিভাগ। এখন তারা শুধু নিবন্ধিত ডেন্টাল সার্জনদের অধীনে সহকারী হিসেবে কাজ করতে পারবেন।
ডিপ্লোমাধারী ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট বা ডেন্টাল টেকনোলজিস্টদের স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিস করার সুযোগ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছে আপিল বিভাগ। এর ফলে এখন থেকে ডেন্টাল টেকনোলজিস্টরা শুধু নিবন্ধিত ডেন্টাল সার্জনদের অধীনে সহকারী হিসেবে কাজ করতে পারবেন। নিজস্ব চেম্বার খুলে স্বাধীনভাবে রোগী দেখা বা ব্যবস্থাপত্র দেওয়ার সুযোগ থাকছে না।
বুধবার (২৪ জুন) বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
শুনানিতে বিএমডিসির পক্ষে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান ও কাজী এরশাদুল হক। ডেন্টাল চিকিৎসকদের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম ও আনোয়ার হোসেন। রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির ও সায়েদা নাসরিন।
আদালতের নথি অনুযায়ী, ১৯৮৭ সালে চালু হওয়া তিন বছর মেয়াদি এবং পরবর্তীতে ২০১৩ সালে এক বছরের ইন্টার্নশিপসহ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) ডিগ্রিধারীদের পেশাগত স্বীকৃতি এবং রোগী দেখা ও ওষুধ ব্যবস্থাপত্র দেওয়ার অনুমতি চেয়ে ২০১৬ সালে একটি রিট আবেদন করা হয়।
বাংলাদেশ ডেন্টাল পরিষদের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন ওই রিট আবেদন করেন। একই বছরের ১৩ জুন হাইকোর্ট রুল জারি করে শুনানি শেষে রিটকারীদের পক্ষে রায় দেন।
হাইকোর্টের ওই রায়ে স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশের ভিত্তিতে ডেন্টাল টেকনোলজিস্টদের কাজের ১০টি ক্ষেত্র নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ছিল দাঁতের প্রাথমিক চিকিৎসা, স্থানীয় অ্যানেসথেশিয়া প্রয়োগ করে দাঁত তোলা, ওষুধ দেওয়া, স্কেলিং-পলিশিং, ফিলিং, রুট ক্যানেল ড্রেসিং এবং অ্যান্টিবায়োটিক ও ব্যথানাশকসহ কিছু ওষুধ প্রেসক্রাইব করার বিষয়।
তবে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে ২০১৭ সালে বিএমডিসি আপিল করে। বুধবার আপিল বিভাগ সেই আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় বাতিল করেন।
ডেন্টাল চিকিৎসকদের আইনজীবী আনোয়ার হোসেন বলেন, ডিপ্লোমা ইন মেডিকেল ডেন্টিস্ট্রি কোর্সের মূল কাঠামো অনুযায়ী শিক্ষার্থীরা ডেন্টাল সার্জনদের সহকারী হিসেবে কাজের জন্য প্রশিক্ষণ নেন। পরবর্তীতে তারা স্বাধীন প্রাইভেট প্র্যাকটিসের অনুমতি চেয়ে আবেদন করেন এবং হাইকোর্ট তাদের পক্ষে রায় দিয়েছিলেন।
তিনি বলেন, আপিল বিভাগের সিদ্ধান্তের পর ডেন্টাল টেকনোলজিস্টরা আর স্বাধীনভাবে রোগী দেখতে পারবেন না বা নিজস্ব চেম্বার পরিচালনা করতে পারবেন না। তারা নিবন্ধিত ডেন্টাল সার্জনদের অধীনে সহকারী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতে তাদের কাজের পরিধি নিয়ে নতুন কোনো আবেদন করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করতে পারে।
//ডিবিটেক/বিটিটু/ইকে//





